কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সদর দপ্তরের পাঁচ সদস্যের পর্যবেক্ষণ দল। গতকাল শুক্রবার সকালে বোমা হামলার স্থানসহ আশপাশের এলাকাগুলো ঘুরে দেখেন দলের সদস্যরা।
পুলিশের স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. জহিরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বাধীন এই পর্যবেক্ষণ দলের বাকি সদস্যরা হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের উপপুলিশ কমিশনার এ এইচ এম রাকিব উদ্দিন, সিআইডির ঢাকা বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান উদ্দিন খান, পিবিআইর ঢাকা বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ ও পুলিশ হেডকোয়ার্টারের তথ্যপ্রযুক্তি শাখার সহকারী পুলিশ সুপার সোহান সরকার। এ ছাড়া এ সময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সাইম, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন, মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক মোহাম্মদ মুর্শেদ জামান প্রমুখ।
পরিদর্শনের সময় ডিআইজি জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘পুলিশ সুষ্ঠুভাবে এ মামলার তদন্ত করছে। ঢাকা থেকে মনিটরিং টিম এসে ঘটনাস্থল পরিদর্শন করছে। এগুলো যাচাই-বাছাই করে যত দ্রুত সম্ভব তদন্ত সম্পন্নের চেষ্টা করা হবে।’
১০ দিনের রিমান্ডে থাকা সন্দেহভাজন জঙ্গি জাহিদুল হক ওরফে তানিমের ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মুর্শেদ জামান বলেন, জিজ্ঞাসাবাদে জাহিদুলের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এসব তথ্য এখনই বলা যাচ্ছে না।
প্রতিবাদ, মানববন্ধন: শোলাকিয়াসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার প্রতিবাদে মৌন প্রতিবাদ ও মানববন্ধন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী, সম্মিলিত সামাজিক আন্দোলন, প্রথম আলো বন্ধুসভাসহ ২১টি সংগঠন। গতকাল সকালে শহরের রঙমহল সিনেমা হলের সামনের সড়কে মুখে কালো কাপড় বেঁধে এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য ও ড. আজিজুর রহমানও এতে যোগ দেন।
এ ছাড়া শহরের কালীবাড়ি প্রাঙ্গণে শোলাকিয়া হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে গতকাল সন্ধ্যায় এক শোকসভা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ জেলা পূজা উদ্যাপন পরিষদ আয়োজিত ও এ পরিষদের সভাপতি বিজয় সংকর রায়ের সভাপতিত্বে ওই শোকসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিম উদ্দিন বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমান, সদর পৌর মেয়র মাহমুদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম প্রমুখ।