
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকের কাছের ফুটপাতের যে স্থানে বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় খুন হয়েছেন, গতকাল শুক্রবার ওই স্থান এবং অমর একুশে বইমেলার স্থান ঘুরে দেখেছে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রতিনিধিদল। এই দলের সদস্যরা এসব স্থানের ছবিও তুলেছেন।
অভিজিৎ হত্যার ঘটনা তদন্তে সহায়তা করতে এফবিআইয়ের চার সদস্যের প্রতিনিধিদল গত বৃহস্পতিবার ঢাকায় এসেছে। এই হত্যা মামলা তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ মামলায় ১০ দিনের রিমান্ডে থাকা শফিউর রহমান ফারাবীকে গতকাল তৃতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করেছে ডিবি।
ডিবি সূত্র জানায়, গতকাল বেলা সোয়া একটার দিকে টিএসসি মোড়ের কাছে সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ফুটপাতে অভিজিৎ হত্যার ঘটনাস্থলে যায় এফবিআইয়ের সদস্যরা। তাঁরা সেখানকার ছবি তোলেন এবং পুরো এলাকা ঘুরে দেখেন। ডিবির উপকমিশনার কৃষ্ণপদ রায় তাঁদের সঙ্গে ছিলেন। পরে দলটি বইমেলার স্থান সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমিতে যায়। বাংলা একাডেমি প্রাঙ্গণ ঘুরে ডিবির সদস্যদের সঙ্গে নিয়ে পাশের পরমাণু শক্তি কমিশনের ফটকের সামনে ফুটপাতে আসেন এফবিআইয়ের সদস্যরা। পরে রাস্তা পেরিয়ে আবার সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ফুটপাত ধরে হেঁটে ঘটনাস্থলে যান। অভিজিৎ রায় ঘটনার দিন (২৬ ফেব্রুয়ারি) যে পথ ধরে বইমেলায় গেছেন এবং ফিরেছেন, সেই পথ ধরে হেঁটে হেঁটে ছবি তোলেন তাঁরা। পরে তাঁরা মিন্টো রোডে ডিবি কার্যালয়ে গিয়ে তদন্তকারীদের সঙ্গে বৈঠক করেন।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার কৃষ্ণপদ রায় গতকাল প্রথম আলোকে বলেন, এফবিআইয়ের সদস্যদের সহায়তা এই হত্যা-রহস্য উদ্ঘাটনে কাজে দেবে।
২৬ ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে বের হওয়ার পর টিএসসির কাছে সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ফুটপাতে খুন হন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায়। আহত হন তাঁর স্ত্রী রাফিদা আহমেদ। তিনি যুক্তরাষ্ট্রের হাসপাতালে চিকিৎসাধীন। অভিজিৎ যুক্তরাষ্ট্রে একটি প্রতিষ্ঠানের সফটওয়্যার প্রকৌশলী ছিলেন।
ডিবির তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রিমান্ডে থাকা শফিউর রহমান ফারাবীকে হত্যাকারীদের সম্পর্কে তথ্য পেতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের পর তাঁকে ফেসবুকে হতাহত দম্পতির ছবি দেওয়া বন্ধুটির পরিচয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এ ব্যাপারে তিনি এখনো মুখ খোলেননি।
অভিজিৎ হত্যার চার দিন পর যাত্রাবাড়ী থেকে ফারাবীকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাঁকে ডিবিতে সোপর্দ করা হয়।
তদন্তসংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা জানান, অভিজিৎ হত্যায় উগ্রপন্থী জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম সন্দেহের শীর্ষে রয়েছে। ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার পলাতক আসামি ও আনসারুল্লাহর সদস্য রেদোয়ানুল আজাদ এবং তাঁর কয়েকজন সহযোগী অভিজিৎকে খুন করেছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে। আনসারুল্লাহর সদস্যরা যে আটজন ব্লগারকে খুন করার তালিকা করেছিলেন, তাতে অভিজিতের নাম ছিল চার নম্বরে। এ ছাড়া তদন্তে আরও কয়েকটি সন্দেহকে বিবেচনায় নেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মো. মনিরুল ইসলাম বলেন, ব্লগার রাজীব হত্যা ও ব্লগার আসিফ মহিউদ্দিনকে হত্যাচেষ্টার পর আনসারুল্লাহর বেশ কয়েকজন সদস্য পলাতক রয়েছেন এবং কয়েকজন জামিনে বেরিয়েছেন। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এঁরাই অভিজিৎ রায়কে খুন করে থাকতে পারেন। তাঁদের গ্রেপ্তারে ডিবির অভিযান চলছে।
অভিজিৎ হত্যার সময় টিএসসি এলাকায় কর্তব্যরত পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করছে পুলিশের তিন সদস্যের কমিটি। ঘটনার সময় ওই এলাকায় দায়িত্বে থাকা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুল ইসলামকে গত মঙ্গলবার অন্যত্র বদলি করা হয়। পুলিশের একজন কর্মকর্তা বলেন, তদন্তকাজে যাতে প্রভাব না পড়ে, সে জন্য তাঁকে বদলি করা হয়েছে।