ঘটনায় আরও ১০ জনের সাক্ষ্য গ্রহণ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জত প্রশিক্ষণকেন্দ্রে বিদ্রোহের সঙ্গে জড়িত ১৫৩ জন বিডিআর (বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) জওয়ানের বিরুদ্ধে গতকাল বুধবার আরও ১০ জন সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে মোট ২১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। নগরের হালিশহরে বিজিবির সেক্টর সদর দপ্তরে এ বিশেষ আদালত বসে।আদালত সূত্র জানায়, গতকাল সকালে দ্বিতীয় পর্বের পঞ্চম দিনের বিচারিক কার্যক্রম শুরু হয়। বিচারিক কার্যক্রম পরিচালনা করেন বিজিবির রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল মো. বশিরুল ইসলাম। তাঁকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল গৌতম কুমার রায়, লে. কর্নেল মো. আবদুর রউফ ও মেজর এম এ রাকিব। সরকারি কৌঁসুলির দায়িত্ব পালন করেন লে. কর্নেল মো. শামীমুর রহমান।সাক্ষীরা আদালতকে জানান, ২৬ ফেব্রুয়ারি বিদ্রোহী জওয়ানেরা অস্ত্রাগার লুট করে ব্যাপক ভীতি ছড়ায়। সেনাবাহিনী আক্রমণ করবে, এমন গুজব ছড়িয়ে তাঁরা সেনাপরিবারের সদস্যদের নাজেহাল করেন। পাগলা ঘণ্টা বাজিয়ে বিদ্রোহের সূত্রপাত করেন।মামলার কৌঁসুলি লে. কর্নেল শামীমুর রহমান বলেন, বুধবার ১০ জন আদালতে সাক্ষ্য দেন। বৃহস্পতিবার (আজ) সকাল নয়টা পর্যন্ত আদালত মুলতবি রাখা হয়েছে।