ঘটা করতে গিয়ে বাড়ল অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্বোধনের অপেক্ষায় সিলেটের কাজীরবাজারে সুরমা নদীর ওপর চতুর্থ সেতু। সেতুর দক্ষিণ পাশ থে​েক গতকাল তোলা ​ছবি
উদ্বোধনের অপেক্ষায় সিলেটের কাজীরবাজারে সুরমা নদীর ওপর চতুর্থ সেতু। সেতুর দক্ষিণ পাশ থে​েক গতকাল তোলা ​ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার দেশের যে নয়টি সেতু ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন, তাতে সিলেটের কাজীরবাজার সেতুর নামও ছিল। কিন্তু শেষ মুহূর্তে উদ্বোধন তালিকা থেকে এটির নাম বাদ পড়েছে।
এ বিষয়ে সিলেট সড়ক ও জনপথ বিভাগের (সওজ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী চন্দন কুমার বসাক জানান, কাজীরবাজার সেতুসহ সিলেট ও সুনামগঞ্জের তিনটি সেতু উদ্বোধনের ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি এসেছিল। শেষ মুহূর্তে কাজীরবাজার সেতুটির নাম বাদ পড়ে। কী কারণে এমনটি হয়েছে, তা তাঁর জানা নেই। তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ প্রথম আলোকে বলেন, ‘এই সেতু বর্তমান সরকারের একটি বড় সাফল্য। চারদলীয় জোট সরকারের আমলে এ সেতু নির্মাণ নিয়ে ব্যাপক লুটপাট হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে লুটপাটে প্রায় ধ্বংস একটি প্রকল্পকে পুনরুজ্জীবিত করেছে। তাই এ সেতুর উদ্বোধন আমরা ভিডিও কনফারেন্সে নয়, ঘটা করেই করতে চাই।’
সিলেট নগরের যানজট নিয়ন্ত্রণে সুরমা নদীর ওপর চতুর্থ সেতু হিসেবে কাজীরবাজার এলাকায় শুরু হয়েছিল সেতুটির নির্মাণকাজ। প্রায় ১০ বছর ধরে চলা নির্মাণকাজ শেষ হয়েছে জুলাইয়ের প্রথম সপ্তাহে।
সওজের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, ২০০৫ সালের ২৪ ডিসেম্বর চারদলীয় জোট সরকারের আমলে তৎকালীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। চার লেনের এ সেতুর নির্মাণব্যয় ধরা হয় ৪৪ কোটি ৬৪ লাখ টাকা। প্রায় ১৯ মিটার প্রস্থের সেতুটির দৈর্ঘ্য ৩৬৬ মিটার।
জোট সরকারের পর তিন দফা সরকার পরিবর্তনের সঙ্গে সেতুর নির্মাণকাজও পরিবর্তিত হয়। সেতুর দৈর্ঘ্য বাড়াতে গিয়ে ত্রুটি ধরা পড়ায় তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেতুর নির্মাণকাজ বন্ধ থাকে। ২০০৯ সালে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর সেতুর আদল পরিবর্তন করে আবার নির্মাণকাজ শুরু হয়। দৈর্ঘ্য বাড়িয়ে ৩৯১ মিটার করা হয়। এখন নির্মাণব্যয় হচ্ছে ১২৪ কোটি টাকা।
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, সেতুটি উদ্বোধন না হলেও ছোট যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মানুষজন ভিড় করছে সেতু এলাকায়। জিতু মিয়ার পয়েন্ট থেকে সুরমা নদীর ওপারে পলিটেকনিক ইনস্টিটিউট পর্যন্ত সেতুর উভয় পাশের সংযোগ সড়ক। সেতুর কল্যাণে দুই এলাকার পরিবেশ যেন বদলে গেছে। সেতুর আশপাশ এলাকার বাসিন্দারা জানিয়েছেন, উদ্বোধনের পর পুরোপুরি যান চলাচল শুরু হলে নগরের যানজট নিয়ন্ত্রণে সত্যিকার অর্থেই সেতুটি ভূমিকা রাখবে।
আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, সেতুর নামকরণ নিয়ে নানা দাবি ওঠায় আপাতত উদ্বোধন স্থগিত রাখা হয়েছে। অবশ্য এ নিয়ে সওজের প্রকৌশল বিভাগ কোনো মন্তব্য করছে না। গত ২৯ এপ্রিল সর্বশেষ সেতুর নির্মাণকাজ পরিদর্শন করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তখন তিনি সেতু এলাকায় দাঁড়িয়ে বলেছিলেন, জুনে এটির উদ্বোধন হবে।