ঘটা করে আয়োজন হঠাৎ করে বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনসার্টে উপস্থিত থাকবেন আহমেদ শরীফ, পূর্ণিমা, মমতাজ, শাকিব খান, অপু বিশ্বাসসহ নামকরা সব চলচ্চিত্র অভিনেতা ও অভিনেত্রী। এ ছাড়াও থাকবেন এস আই টুটুলসহ সংগীতাঙ্গনের আরও অনেকে। এটি অনুষ্ঠিত হবে রংপুর স্টেডিয়ামে। অনুষ্ঠানটির শিরোনাম দেওয়া হয়েছে, ‘জাগো বাহে কোনঠে সবায়’। ১০ দিন ধরে শহরে মাইকযোগে প্রচার চালানো হলো। সেই সঙ্গে শিল্পীদের ছবি দিয়ে চার রঙের পোস্টারে ছেয়ে গেল রংপুরসহ বিভাগের আটটি জেলা ও উপজেলা। স্থানীয় পত্রিকাগুলোতেও শিল্পীদের আকর্ষণীয় ছবি দিয়ে বড় বড় বিজ্ঞাপন ছাপানোও বাদ পড়ল না। বিভাগের আট জেলা পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাটের ১৮টি সিনেমা হলসহ মোট ৩১টি স্থানে এই কনসার্টের টিকিট বিক্রি করা হলো, যার দাম ছিল ডায়মন্ড দুই হাজার, গোল্ড এক হাজার আর গ্যালারি ১০০ টাকা। কনসার্টের অনুষ্ঠানের দিন ধার্য ছিল গতকাল শনিবার। ঘটা করে আয়োজন করা বড় মাপের এই অনুষ্ঠানটি দেখতে সকাল থেকেই আট জেলার দূর-দূরান্ত থেকে দর্শকেরা রংপুর স্টেডিয়ামে জড়ো হতে থাকেন। শেষ পর্যন্ত তাঁরা জানতে পারলেন, অনুষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে। স্টেডিয়ামে কনসার্ট দেখতে আসা হাজারও মানুষ স্লোগান দিতে থাকেন, ‘এই মুহূর্তে টাকা ফেরত দিন’। বিক্ষুব্ধ জনরোষ থেকে রেহাই পেতে স্টেডিয়াম এলাকা থেকে আয়োজকেরা পালিয়ে যান। অনুষ্ঠানটি বাতিল হওয়ায় পুরো স্টেডিয়ামের চারপাশে পুলিশ-র্যাবের পাহারা জোরদার করা হয়।ফিরে যেতে যেতে কারমাইকেল কলেজের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, ‘এত বড় প্রতারণা করল আমাদের সঙ্গে!’ টিকিট কেটে অনুষ্ঠান দেখতে এসেছেন দেড় শ কিলোমিটার দূরের উপজেলা লালমনিহাটের পাটগ্রামের বেশ কয়েকজন যুবক। তাঁদের মধ্যে আলী হোসেন ও ইশরাত হোসেন বলেন, ঘটা করে আয়োজনের ঘোষণা দেওয়া হলো, কিন্তু বন্ধের কোনো ঘোষণা দেওয়া হলো না। এটা কোনো দেশ হইল বাহে?’এই কনসার্টের অনুমতি দিয়েছেন জেলা প্রশাসক বি এম এনামুল হক। অনুষ্ঠানের আগের দিন গত শুক্রবার রাতে তিনিই হঠাৎ কনসার্ট অনুষ্ঠান বাতিল করেন। এ ব্যাপারে তিনি বলেন, আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় অনুষ্ঠানটি বাতিল করার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়। তাই এটি বন্ধ ঘোষণা করা হয়েছে। আয়োজক সংগঠনকে টিকিটের টাকা ফেরত দেওয়ার জন্য বলা হয়েছে। এদিকে কনসার্ট দেখতে আসা মানুষজনের অভিযোগ, যদি অনিবার্য কারণবশত কনসার্ট বাতিলই করে থাকে, তাহলে রংপুরসহ বিভাগের প্রতিটি জেলায় শুক্রবার রাতেই কেন মাইকযোগে প্রচার করা হলো না। আয়োজক দল ‘মানবতার জন্য আমরা’ সংগঠনের প্রধান উদ্যোক্তা মশিউর রহমান রংপুর ছেড়ে যাওয়ার আগে বলেছেন, যাঁরা যেখান থেকে টিকিট কেটেছেন, তাঁদের সেই স্থানে টাকা ফেরত দেওয়া হবে। পুলিশ সুপার সালেহ মো. তানভির জানান, আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় অনুষ্ঠানটি বাতিল করার জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়েছে।