ঘড়িঘরের ব্যাগ উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ঐতিহ্যবাহী আলী আমজাদের ঘড়িঘরের ১৪০ বছর পূর্ণ হওয়ায় দুই তরুণের কাগজের তৈরি ‘ঘড়িঘরের ১৪০ বছর’ ও ‘নদী বাঁচাও’ ঈদ বাজার ব্যাগ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম। গতকাল রোববার নগরের রাজা ম্যানশনে পোশাক বিক্রেতাপ্রতিষ্ঠান স্লোগানে এ অনুষ্ঠান হয়।
এ সময় গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, পরিবেশবাদী সংগঠন ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবীর, ব্যাগের নকশা প্রণয়নকারী সিলেটের নাট্য সংগঠন ‘নগরনাট’-এর সভাপতি অরূপ কান্তি দাশ ও পৃষ্ঠপোষক স্লোগানের পরিচালক উজ্জ্বল চক্রবর্তী উপস্থিত ছিলেন।
অরূপ কান্তি দাশ বলেন, আলী আমজাদের ঘড়ি সিলেটের শুধু একটি ইতিহাস নয়, প্রায় দেড় শ বছর আগের সংস্কৃতিরও একটি বড় অংশ। ১৪০ বছরে পা রাখার বছরে সেই ইতিহাস নতুন প্রজন্মকে জানাতেই তিনি এ কাজ করেছেন। ঘড়িঘরের পাশেই সিলেট অঞ্চলের দীর্ঘতম নদী সুরমা হওয়ায় নদী বাঁচাও আহ্বানের দ্বিতীয় ব্যাগটি একসঙ্গে তৈরি।
উজ্জ্বল চক্রবর্তী বলেন, ওই দুটো ব্যাগ ছাড়াও সিলেটের জলার বন রাতারগুল রক্ষার চলমান আন্দোলনকে বেগবান করতে গত ১০ এপ্রিল প্রথম আলোয় প্রকাশিত ‘রাতারগুল কতল হবে?’ শিরোনামের প্রতিবেদনের ছাপ-চিত্রনির্ভর পোস্টার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদের পর ওই পোস্টারও উন্মোচন করা হবে।