ঘড়িঘরের ১৪০ বছর নিয়ে ঈদ বাজার ব্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শপিং ব্যাগ। কত রং আর লেখায় না দেখা যায়! তবে ঈদের কেনাকাটায় ঈদ বাজার ব্যাগে ‘ঈদ মোবারক...’ লেখা শোভা পায়। সিলেটের ক্ষেত্রে একটি ঐতিহাসিক ক্ষণ বিবেচনায় এ ক্ষেত্রে এসেছে ভিন্নতা। নগরের প্রতীক হিসেবে দেশে-বিদেশে পরিচিত ঐতিহ্যবাহী আলী আমজাদের ঘড়িঘরের ১৪০ বছর পূর্ণ হয়েছে এবার। এ উপলক্ষে কাগুজে তৈরি ‘ঘড়িঘরের ১৪০ বছর’ ছাপচিত্রের নজরকাড়া ঈদ বাজার ব্যাগ তৈরি করেছেন দুই তরুণ।
সিলেটের ইতিহাস ও সংস্কৃতি অনুরাগী দুই তরুণের একজন হচ্ছেন সিলেটের নাট্য সংগঠন ‘নগরনাট’ সভাপতি অরূপ কান্তি দাশ, অন্যজন নগরের রাজা ম্যানশনের রুচিশীল পোশাক বিক্রয় প্রতিষ্ঠান ‘স্লোগান’ পরিচালক উজ্জ্বল চক্রবর্তী। গত বুধবার রাতে তাঁরা জানান, ঈদের বাজারে ব্যাগগুলোকে বিনা মূল্যে বাজারজাত করবেন। আগামী রোববার দুটো ব্যাগ আনুষ্ঠানিক উন্মোচন করা হবে। তাঁদের উদ্দেশ্য—ঈদের কেনাকাটায় এ-হাত ও-হাত হয়ে ঘরোয়া পরিসরে বার্তা হয়ে পৌঁছাক ঘড়িঘরের ১৪০ বছরে পা রাখার ইতিহাস।
খয়েরি রঙের গাঢ় কাগজে ‘ঘড়িঘরের ১৪০ বছর’ ছাপচিত্রের কাজ করেছেন অরূপ কান্তি দাশ। ঘড়ির সঙ্গে কিনব্রিজের সাদাকালো চিত্রের পাশপাশি সংক্ষিপ্ত ইতিহাসও লেখা। ব্যাগের সঙ্গে সিলেটের প্রাণ হিসেবে সমাদৃত সুরমা নদী রক্ষার আহবানসংবলিত ‘নদী বাঁচাও’ শিরোনামের আরেকটি ব্যাগ রয়েছে।
দুই তরুণের উদ্যোগকে ইতিহাস-সংস্কৃতি ও পরিবেশ সচেতনতা বিকাশের প্রয়াস বলে অভিহিত করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম।