ঘড়ির কাঁটায় নরেন্দ্র মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজদূতে এলেন: ১০টা ৮ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট ‘রাজদূত’-এর অবতরণ। ১০টা ২৫ মিনিটে বিমান থেকে বেরোলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উষ্ণ অভ্যর্থনা।

স্মৃতিসৌধে উদয়পদ্ম রোপণ: বেলা ১১টা ২০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান নরেন্দ্র মোদি। সাড়ে ১১টায় তিনি স্মৃতিসৌধের মূল বেদিতে শহীদদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। শোক বইয়ে লেখেন, ‘মাতৃভূমির জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী পুরুষ-নারী ও শিশুদের আমি শ্রদ্ধা জানাচ্ছি।’ স্মৃতিসৌধে উদয়পদ্ম গাছের চারা রোপণ করেন।

গান্ধী-মুজিবের ছবি দেখে অভিভূত: দুপুর ১২টা ৫ মিনিটে নরেন্দ্র মোদি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পৌঁছান। তাঁকে স্বাগত জানান বঙ্গবন্ধুর দৌহিত্র ও শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি ও তাঁর স্ত্রী পেপপি সিদ্দিক। তিনি ২৭ মিনিট সেখানে অবস্থান করেন। পরিদর্শন বইয়ে লেখেন ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, গণতন্ত্রের প্রতিমূর্তি, এক বিশাল ব্যক্তিত্ব এবং ভারতের এক মহান বন্ধুকে শ্রদ্ধা’।

মোদির জন্য খাবার: বেলা একটায় নরেন্দ্র মোদি সোনারগাঁও হোটেলে পৌঁছান। সফরের দুই দিন তিনি এখানেই থাকবেন। এখানেই তিনি গতকালের দুপুরের খাবার খান। মোদি নিরামিষভোজী। তিনি নিজস্ব পাচক নিয়ে এসেছেন। তাঁর খাবারের তালিকায় ছিল টমেটোর ক্রিম, বাসিল স্যুপ, খামান ধোকলা, ভেজিটেবল শামি কাবাব, পনির-বাটার মাসালা, পটোল দোলমা, বাগারা বেইনগান বেগুনভাজি, টরকা ডাল, হায়দারাবাদি ভেজিটেবল বিরিয়ানি, পুরি, চাপাতি নান, মিক্সড সালাদ, আমের চাটনি, রসগোল্লাসহ কয়েক পদের মিষ্টি, ফলমূল ও চা-কফিসহ প্রায় ১০০ পদের খাবার।

মোদি-মমতা বৈঠক: মোদি সোনারগাঁও হোটেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ২০ মিনিট বৈঠক করেন। বৈঠক শুরু হয় ৩টা ১৫ মিনিটে, শেষ হয় ৩টা ৩৪ মিনিটে। পরে মোদি ও মমতা একই গাড়িতে চড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে যান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মোদি: পৌনে চারটার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান মোদি ও মমতা। পরে সেখানে কলকাতা-ঢাকা-আগরতলা ও ঢাকা-শিলং-গুয়াহাটি বাস সার্ভিস উদ্বোধন, স্থলসীমান্ত চুক্তি অনুসমর্থনের দলিল হস্তান্তর, দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক, বিভিন্ন প্রকল্পের ভিত্তিফলক উন্মোচন, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান পর্যবেক্ষণ এবং যৌথ প্রেস ব্রিফিং করেন দুই প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীকে তাপিশ্রী উপহার: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অন্ধ্র প্রদেশের ঐতিহ্যবাহী তাপিশ্রী (রঙিন সুতায় অলংকৃত বস্ত্রখণ্ড) উপহার দিয়েছেন নরেন্দ্র মোদি। জামদানি শাড়ির মতো কারুকাজ করে আকর্ষণীয় এই তাপিশ্রী বুনেছেন ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী কারুশিল্পী গৌরবাথিনি রামানাইয়াহ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠকের প্রাক্কালে তিনি উপহার দেন।

আবার সোনারগাঁও হোটেলে মোদি: প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রাত সোয়া সাতটার দিকে বের হয়ে সাড়ে সাতটায় সোনারগাঁও হোটেলে ফেরেন মোদি। সেখানে রাত সাড়ে নয়টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নৈশভোজে অংশ নেন তিনি।