ঘণ্টা খানেকের বৃষ্টিতেই তলিয়ে যায় সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘণ্টা খানেকের বৃষ্টিতেই খুলনা নগরজুড়ে জলাবদ্ধতা দেখা দেয়। স্যার ইকবাল রোড থেকে গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
ঘণ্টা খানেকের বৃষ্টিতেই খুলনা নগরজুড়ে জলাবদ্ধতা দেখা দেয়। স্যার ইকবাল রোড থেকে গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

মাত্র ঘণ্টা খানেকের বৃষ্টিতেই খুলনা নগরের বেশির ভাগ সড়ক পানিতে তলিয়ে যায়। বৃষ্টি থামার পরও এই পানি নামতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে। এ সময় নগরের যান চলাচলে বিঘ্ন ঘটে। ভোগান্তিতে পড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নগরবাসী।
গতকাল রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বর্ষণে নগরের প্রধান প্রধান সড়কসহ সংযোগ সড়কগুলো ডুবে যায়। ব্যস্ততম রয়্যাল মোড়, শান্তিধাম মোড়, শিববাড়ী মোড়, তেঁতুলতলা মোড়, পিটিআই মোড়, মডার্ন ফার্নিচার মোড়, প্রেসক্লাব মোড়সহ প্রধান সড়ক ও বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কগুলোতে হাঁটুপানি জমে গেছে। সড়কের পানি ড্রেনে নামার বদলে ড্রেনের পানি উপচে সড়কে উঠছে।
নগরবাসীর অনেকে অভিযোগ করেন, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, সময়মতো ড্রেন থেকে ময়লা অপসারণ না করা এবং নগরের মধ্যের পানিনিষ্কাশনের খালগুলো দখল হয়ে যাওয়ায় একটু বৃষ্টিতেই এই জলাবদ্ধতার সৃষ্টি হয়।
জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে নগরের শান্তিধাম মোড়ের বাসিন্দা হাসিবুল আলম বলেন, একটু বৃষ্টি হলেই নগরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টি থামার অনেক পরে এই পানি নামে। একটু বৃষ্টি হলে বাচ্চাকে স্কুলে দিয়ে বা নিয়ে আসতে ভোগান্তির শেষ থাকে না। ঠিকমতো কর দিয়েও খুলনা বাসী নাগরিক সুবিধা থেকে বঞ্চিত।
পিটিআই মোড় দিয়ে নিয়মিত যাতায়াত করেন সরকারি আযম খান কমার্স কলেজের ছাত্র নাজিম আহমেদ সাগর। তিনি জানান, মিনিট দশেকের বৃষ্টিতেই পিটিআই মোড় দিয়ে আর চলাচলের উপায় থাকে না। এখান থেকে পানিনিষ্কাশন হতে অনেক সময় লাগে। বৃষ্টির দিন কলেজে যেতে ভোগান্তির শেষ থাকে না।
রয়্যাল মোড়ে কথা হয় ইজিবাইকচালক রুবেল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘একটু বৃষ্টি হলেই গাড়ি নিয়ে ভয়ে থাকি। এ বছরই আমার গাড়ির মোটরে তিনবার পানি ঢুকেছে।’
খুলনা সিটি করপোরেশনের কনজারভেন্সি অফিসার আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ৩৮টি পয়েন্ট দিয়ে নগরের পানি নামে। নদীতে জোয়ার থাকলে পানি নামতে সময় লাগে। যতই আধুনিক পদ্ধতি করেন না কেন, পানি নামতে তো দু-তিন ঘণ্টা সময় লাগবেই। তিনি আরও বলেন, ‘নগরের বিভিন্ন সড়কের দুই পাশের নালাগুলোতে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। আমরা সাধ্যমতো নিয়মিত এগুলো পরিষ্কার করি। তারপরও কিছু সমস্যা তো থেকেই যায়।’
খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ বলেন, আগে নগরের ভেতর ও পাশ দিয়ে বয়ে যাওয়া ২২টি খাল দিয়ে বৃষ্টির পানি যেত। এখন ইজারার নামে এসব খালে মাছ চাষ করা হচ্ছে এবং অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। এ কারণে নগরের বিভিন্ন স্থানে জমে থাকা বৃষ্টির পানি ঠিকমতো নিষ্কাশন করা যাচ্ছে না। এতে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়।