শ্রেণীকক্ষ, বারান্দা, মাঠ; সবখানে শিক্ষার্থীদের ছোট ছোট জটলা। কিন্তু হইচই করছে না কেউ। বরং কেউ কেউ চোখ মুছছে। কেউ সান্ত্বনা দিচ্ছে অন্যকে।
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের পূর্ব ফিরোজশাহ উচ্চ বালিকা বিদ্যালয়ে গিয়ে দেখা গেল এই দৃশ্য। তখন বিদ্যালয়ের মধ্যাহ্নকালীন বিরতি।
খোঁজ নিয়ে জানা গেল, বিদ্যালয়ের অন্য সব ক্লাস হলেও অষ্টম, নবম ও দশম শ্রেণীর ইংরেজির ক্লাস হয়নি। এই তিন শ্রেণীতে ইংরেজি পড়াতেন শিক্ষক রাজীব চৌধুরী। সময়সূচি অনুযায়ী ইংরেজির ক্লাসে অন্য শিক্ষক গেলেও ক্লাস করছে না শিক্ষার্থীরা। তাদের প্রিয় রাজীব স্যার নেই। স্যারের জন্য কাতর তাদের মন।
বারান্দার এক কোণে দাঁড়িয়ে চোখ মুছছিল দশম শ্রেণীর ছাত্রী মনিমা মেহজাবীন। শিক্ষক রাজীবের কথা জানতে চাইলে কান্নাজড়ানো কণ্ঠে সে বলে, ‘ইংরেজির ক্লাসের ঘণ্টা বাজে কিন্তু স্যার আসেন না। স্যার নেই আমরা এটা মানতে পারছি না। স্যার যেভাবে ইংরেজি পড়াতেন, আমাদের প্রাইভেট পড়তে হতো না।’
গত বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার পূর্ব ফিরোজশাহ বিশ্বকলোনি এলাকায় বাসার সামনে আঙিনা থেকে রাজীব চৌধুরী (৪০) ও তাঁর স্ত্রী সঞ্চিতা শীলের লাশ উদ্ধার করা হয়। সঞ্চিতা হাটহাজারী উপজেলায় খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
পূর্ব ফিরোজশাহ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলি রানি দেবীর কক্ষে ঢুকতেই দেখা গেল শিক্ষকদের প্রায় সবাই সেখানে বসে কথা বলছেন। সবার মধ্যেই একটা হতবিহ্বল ভাব। আলোচনার বিষয় রাজীব চৌধুরী।
লিলি রানি বলেন, ‘রাজীব এ বিদ্যালয়ে আসার পর থেকে কোনো শিক্ষার্থী ইংরেজিতে ফেল করেনি। এত সহজে শিক্ষার্থীদের বোঝাতেন যে প্রাইভেট পড়তে হতো না। আমরা নিজেরাই ভেঙে পড়েছি।’
রাজীব নিহত হওয়ার ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি জানান প্রধান শিক্ষক। তিনি বলেন, ‘আমার জানামতে তাঁর কোনো শত্রু ছিল না। কোনো সমস্যা ছিল বলেও আমাদের কখনো জানায়নি।’