ঘণ্টায় ২০ জন হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ঘণ্টায় কমপক্ষে ২০ জন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সরকারি হাসপাতালে ভর্তি হয়। সারা দেশের বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের হিসাবে সংখ্যাটি আরও বড় হবে। স্বাস্থ্য অধিদপ্তরের বার্ষিক প্রতিবেদন ‘হেলথ বুলেটিন ২০১৫’ থেকে এই তথ্য পাওয়া গেছে।
সারা দেশের উপজেলা, জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় আহত বিপুলসংখ্যক রোগীকে চিকিৎসা দেওয়া হয়। তাদের কেউ সামান্য, কেউ মাঝারি, কেউ গুরুতর আঘাত নিয়ে আসে।
সড়ক দুর্ঘটনায় আহত আবদুল খালেক রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বড় ধরনের অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকেরা। ডান পায়ের ঊরুর হাড় দুই জায়গায় ভাঙা। বাঁ হাতের হাড়ও ভাঙা।
১০ অক্টোবর হাসপাতালে আবদুল খালেকের সঙ্গে কথা হয়। তিনি আশুলিয়া এলাকার একটি পোশাক কারখানার সুপারভাইজার। বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুরে। ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে সাভার থেকে আশুলিয়ার বাসায় ফিরছিলেন। প্রথম আলোকে বলেন, ‘কলমা এলাকায় একটা ঢালে দুর্ঘটনা হয়। আমাদের টেম্পো ওপরে উঠছিল, আর একটা গাড়ি দ্রুত নিচে নামছিল।’
আবদুল খালেক বসেছিলেন টেম্পোচালকের ডান পাশে। তাঁর পা বাইরে ছিল। উল্টো দিক থেকে আসা গাড়িটা ধাক্কা দিলে টেম্পো থেকে পড়ে যান খালেক। এরপর আর কিছু মনে নেই। প্রথমে তাঁকে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরিস্থিতি জটিল হওয়ায় ২৫ সেপ্টেম্বর তাঁকে পঙ্গু হাসপাতালে আনা হয়।
পঙ্গু হাসপাতালের চিকিৎসকেরা বলেন, আবদুল খালেকের ঊরুর হাড় ভেঙে বের হয়ে গিয়েছিল। পায়ের কাটা জায়গায় সংক্রমণ দেখা দিয়েছে। প্রচলিত কোনো অ্যান্টিবায়োটিকে কাজ হচ্ছে না। সংক্রমণ দূর না হলে অস্ত্রোপচার করা যাবে না। কর্তব্যরত চিকিৎসক মণি শংকর বলেন, খুব বড় ধরনের অস্ত্রোপচারের দরকার হবে। বাঁ হাতেও অস্ত্রোপচার করতে হবে। তবে সফল অস্ত্রোপচারের পর আবদুল খালেক সুস্থ হলেও ডান পা আর আগের মতো থাকবে না। বন্দুকের মতো সোজা হয়ে থাকবে। আবদুল খালেক ছয় মাসের আগে সুস্থ হবেন না বলে চিকিৎসকদের আশঙ্কা।
একই হাসপাতালে খালেকের পাশের শয্যার রোগীর বাড়ি পাবনায়। নিজে মোটরসাইকেল চালাতে গিয়ে আহত হন তিন মাস আগে। দুর্ঘটনার পর থেকেই হাসপাতালে। প্রাণ বাঁচাতে চিকিৎসকেরা তাঁর বাঁ পায়ের হাঁটুর নিচ থেকে কেটে ফেলেছেন।
জাতিসংঘ গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) বলা আছে, ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে দুর্ঘটনা প্রতিরোধ ও আহত লোকজনের জন্য চিকিৎসা বিষয়ে সুনির্দিষ্ট কাজ করছে। এর মধ্যে আছে ট্রাফিক আইন ও নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়ানো, হাসপাতালে নেওয়ার আগে আহত ব্যক্তির সেবা বিষয়ে প্রশিক্ষণ, হাসপাতালে জরুরি চিকিৎসাসেবা প্রশিক্ষণ, সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন নিয়ে সংশ্লিষ্ট অন্য সংস্থাগুলোর সঙ্গে কাজ করা।
এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, হাসপাতালে রোগীর খরচ হয়। গুরুতর আহত হলে খরচ বেশি হয়। অনেকের অঙ্গহানি ঘটে, কর্মক্ষমতা কমে যায় বা একেবারে শেষ হয়ে যায়। একমাত্র কর্মক্ষম ব্যক্তির ক্ষেত্রে এমনটা ঘটলে পরিবার পথে বসে। তাই সড়ক দুর্ঘটনা শুধু স্বাস্থ্য সমস্যা নয়, এটা সামাজিক ও অর্থনৈতিক সমস্যাও বটে।
দুই মাস পর হয়তো আবদুল খালেক হাসপাতাল ছাড়বেন। ছয় মাস পর হয়তো সুস্থ হবেন। কিন্তু বাড়ি ফিরবেন কিছুটা প্রতিবন্ধী হয়ে। ‘আর কাজ করতে পারবেন?’ এমন প্রশ্ন শুনে কিছুটা নির্বাক হয়ে যান আবদুল খালেন। হাত চলে যায় কপালে। উলিপুরে থাকা স্ত্রী আর চার ছেলেমেয়ের কথা জানিয়ে বলেন, ‘আল্লাহ আছেন! আপনারা দোয়া করবেন। নিশ্চয়ই কাজ করতে পারব।’