ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও মেলে না ট্রেনের টিকিট
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষ দিনাজপুরের পার্বতীপুর রেলস্টেশনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও ট্রেনের টিকিট পাচ্ছেন না। আসনসংখ্যা কমিয়ে দেওয়ায় এবং কালোবাজারিদের দৌরাত্ম্যে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, স্টেশনে চাহিদার চেয়ে বরাদ্দ কম থাকায় ১২ অক্টোবর পর্যন্ত ঢাকাগামী চারটি ট্রেনের টিকিট এরই মধ্যে শেষ হয়ে গেছে।
গত বুধবার দুপুর ১২টায় পার্বতীপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট না পেয়ে অনেক যাত্রী হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
পার্বতীপুর রেল কর্তৃপক্ষ জানায়, পার্বতীপুর রেলজংশন থেকে মোট আটটি আন্তনগর ট্রেন বিভিন্ন গন্তব্যে চলাচল করে। একতা ট্রেনে আগে পার্বতীপুরের জন্য ৬১টি আসন বরাদ্দ ছিল। গত ঈদুল ফিতরের আগে তা কমিয়ে ৩৭টি করা হয়। দ্রুতযান ট্রেনে আসন ছিল ৬৯টি। কমিয়ে করা হয়েছে ৫১টি। আন্তনগর তিনটি ট্রেনে একটি করে অতিরিক্ত কোচ (বগি) বরাদ্দ করা হলেও পার্বতীপুরের জন্য কোনো আসন রাখা হয়নি।
উপজেলার হরিরামপুর থেকে টিকিট নিতে আসা যাত্রী হামিদপুর ইউনিয়নের স্কুলশিক্ষক মো. আসাদুজ্জামান জানান, ঢাকাগামী আন্তনগর দ্রুতযান ট্রেনের টিকিটের জন্য সোমবার রাত ১১টায় স্টেশনের কাউন্টারে লাইনে দাঁড়িয়েছেন। পরদিন মঙ্গলবার সকাল ১০টায় কাউন্টারের সামনে পৌঁছানোর আগেই স্টেশনের জন্য বরাদ্দ থাকা টিকিট শেষ হয়ে গেছে বলে তাঁকে জানানো হয়।
তিনি অভিযোগ করেন, স্থানীয় কিছু তরুণ টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত। সন্ধ্যা থেকে তাঁরা টিকিট কাউন্টারের সামনে চেয়ার, বেঞ্চ, টুল বসিয়ে লাইন দখল করে রাখেন। লাইনের প্রথম দিকে থাকায় পার্বতীপুর রেলস্টেশনের জন্য বরাদ্দ করা টিকিটের সবগুলোই তাঁরা কেটে নেন।
প্রকাশ রায় নামে রেলওয়ের একজন কর্মচারী জানান, কালোবাজারিদের দৌরাত্ম্য বেশি হওয়ায় জরুরি প্রয়োজনে অনেক সময় রেল কর্মচারীরাও টিকিট পান না। তারা নিজেরা ছাড়াও ভাড়া করা লোক এনে লাইনে রেখে টিকিট সংগ্রহ করছেন। রমজান আলী নামে একজন কর্মচারী জানান, কালোবাজারিরা প্রতিটি টিকিট দ্বিগুণ দামে বিক্রি করছেন। তাঁদের ঠেকাতে কাউন্টারের সামনে সিসি ক্যামেরা বসানো প্রয়োজন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, পার্বতীপুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এর পরও পার্বতীপুর থেকে ঢাকাগামী আন্তনগর একতা, দ্রুতযান ও নীলসাগর ট্রেনে পার্বতীপুরের জন্য মাত্র ১৩টি এসি আসন বরাদ্দ রয়েছে। এসব ট্রেনে আসন বৃদ্ধি করা জরুরি।
পার্বতীপুর স্টেশনমাস্টার শেখ আবদুল জব্বার জানান, পার্বতীপুর থেকে ঢাকা, রাজশাহী ও খুলনাগামী আন্তনগর ট্রেনগুলোর যাত্রী চাহিদার ১০ ভাগ টিকিটও সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এতে যাত্রী ভোগান্তি চরম আকার ধারণ করেছে।