ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও চাল মিলছে না
পাবনার বেড়া পৌর এলাকার বেতবাড়িয়া গ্রামের ময়না খাতুন (৫৫) খোলা বাজারে চাল বিক্রির (ওএমএস) দোকানে এসে গত পাঁচ দিন ধরে লাইনে দাঁড়াচ্ছেন। কিন্তু এই পাঁচ দিনের একদিনও তিনি চাল কিনতে পারেননি। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর যখন দোকানের কাছাকাছি তিনি যান, তখন ডিলারের লোকজন জানিয়ে দেয়, চাল শেষ। গত বৃহস্পতিবার বেলা ১১টায় চাল না পেয়ে বাড়ি ফেরার পথে ময়না বলেন, ‘কম দামে চাল কিনার জন্নে দৈনিকই কাজকাম ফালায়া লাইনে আইস্যা দাঁড়াই। কিন্তু কপালে চাল জোটে না।’ চাল না পেয়ে একইভাবে হতাশ হয়ে বাড়ি ফেরার পথে পেঁচাকোলা গ্রামের জয়নব খাতুন বলেন, ‘ভোর রাইতে আইস্যা লাইনে দাঁড়ায়াও চাল পাইল্যাম না। মধ্যের থ্যা ভ্যানে আসা-যাওয়ায় ১০ টাকা গচ্চা গেল।’বেড়া পৌর এলাকার খোলা বাজারে চাল বিক্রির দোকানগুলোয় দরিদ্র মানুষের ভিড় বেড়েই চলেছে। আর এসব দোকানে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও চাল না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছে ময়না অথবা জয়নবের মতো অসংখ্য মানুষ। মোহনগঞ্জ বাজারের চালের ডিলার আবু সুফিয়ান বলেন, ‘মাথাপিছু পাঁচ কেজি হিসেবে ২০০ জনের কাছে বিক্রির জন্য প্রতিদিন আমরা এক টন চাল বরাদ্দ পাই। অথচ লাইনে এসে দাঁড়াচ্ছে চার থেকে সাড়ে চার শ মানুষ। ফলে লাইনে দাঁড়ানো অর্ধেকেরও বেশি মানুষ চাল না পেয়ে হইচই চেঁচামেচি করে। আর আমাদের এখানে শুধু পৌর এলাকার মানুষই নয়, অনেক দূর থেকে অন্য ইউনিয়নের মানুষ এমনকি যমুনা পাড়ি দিয়েও লোকজন চাল কিনতে আসছে।’ সরেজমিনে ঘুরে দরিদ্র মানুষের পাশাপাশি মধ্যবিত্তদেরও লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করতে দেখা গেছে। তাদের কয়েকজন জানান, পৌর এলাকার তুলনায় গ্রাম এলাকায় অভাবী মানুষের সংখ্যা বেশি থাকলেও পৌর এলাকাতেই খোলা বাজারে চাল বিক্রির বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। কয়েক দিন আগেও শুধু পৌর এলাকার পাঁচটি স্থানে খোলা বাজারের চাল বিক্রি হতো। অতি সম্প্রতি গ্রাম্য এলাকার মানুষের জন্য নগরবাড়ী ও কাজীরহাটে চাল বিক্রি শুরু হয়েছে। তবে তা চাহিদা পূরণ করতে পারছে না। পৌর এলাকার নাজিমবাজার এলাকার ওএমএস ডিলারের প্রতিনিধি রাশেদুল ইসলাম বলেন, ‘সকাল নয়টা থেকে চাল বিক্রি শুরু হলেও ভোর থেকেই মানুষের লাইনে দাঁড়ানো শুরু হয়। চাল বিক্রি শুরু হওয়ার পর একসময় চাল শেষ হয়ে যায় কিন্তু লাইন শেষ হয় না।’ হাসপাতাল রোডের ওএমএস ডিলার নজরুল ইসলাম বলেন, ‘চালের জন্য ভিড় দিনকে দিন বেড়েই চলেছে। গরিবদের পাশাপাশি মধ্যবিত্তদেরও কেউ কেউ দোকানে চালের জন্য আসছে।’ বেড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফেরদৌস আলী সরকার বলেন, ‘খোলা বাজারের দোকানগুলোয় আমরাও বেশ ভিড় লক্ষ করছি। এর মধ্যেও ডিলারদের মাধ্যমে সুষ্ঠুভাবেই চাল বিক্রি চলছে। আর গ্রাম এলাকার মানুষের জন্য ইতোমধ্যেই দুটি স্থানে খোলা বাজারের দোকান বসানো হয়েছে। এ ছাড়া প্রতি ইউনিয়নে দুটি করে করে খোলা বাজারের দোকান বসানোর ব্যাপারে সরকারি নির্দেশ এসেছে।’