ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও বিরক্তি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখনো খেলা শুরুর বাকি তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। এর মধ্যে কয়েক হাজার দর্শনার্থীর বিশাল লাইন পড়ে গেছে। বর্ণিল সাজ আর বাঁশি, ঢোলসহ নানা সরঞ্জাম নিয়ে লাইনে দাঁড়িয়েছে শিশু-কিশোর, যুবা, তরুণ-তরুণী, মাঝবয়সী সবাই। অনেকের চোখমুখজুড়ে ছিল বাংলাদেশের পতাকা আর রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতি। গতকাল শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আশপাশের এলাকা ছিল এমনই জমজমাট। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখতে নগরের নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসে বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে। লাইনে দাঁড়িয়ে আছে দীর্ঘক্ষণ। তবু বিরক্তির ছাপ নেই কারও চেহারায়। আতিক হাসান, জাভেদ শাহেদসহ তাঁদের আরও কয়েকজন বন্ধু এসেছেন হালিশহর এলাকা থেকে। সবাই কলেজের শিক্ষার্থী। বললেন, ‘এ আর কিসের কষ্ট! স্টেডিয়ামে বসে বিশ্বকাপের খেলা দেখব, সেটাই আমাদের বড় আনন্দ। আর তখন সব কষ্ট মুছে যাবে।’ স্টেডিয়াম এলাকা ঘুরে দেখা গেছে, খেলা দেখতে আসা লোকজনকে প্রায় দেড় কিলোমিটার দূরে যানবাহন ছেড়ে পায়ে হেঁটে আসতে হয়। এরপর দীর্ঘ লাইন, নিরাপত্তা তল্লাশি আর টিকিট পাঞ্চ করে প্যাঁচানো গেট পার হয়ে মাঠে ঢুকতে দীর্ঘ সময় লাগছিল। অনেকে সঙ্গে নিয়ে আসে দামি খাবার ও নানা বাদ্যযন্ত্র। কিন্তু নিরাপত্তা তল্লাশির সময় এসব জিনিস ফেলে ঢুকতে হয়েছে দর্শককে। এত বিড়ম্বনার পরও দর্শক বিচলিত হয়নি।দল বেঁধে আসা সেই দর্শনার্থীদের একজন ফারাহ নার্গিস বললেন, ‘চট্টগ্রামে বসে বিশ্বকাপের খেলা দেখব, তার জন্য এতটুকু কষ্টকে কোনো কষ্ট বলেই মনে হচ্ছে না। মাঠে পৌঁছাতে পারলেই সব কষ্ট ফুরিয়ে যাবে।’স্টেডিয়ামের গেটে এক বছরের শিশুকে নিয়ে একজন মায়ের সঙ্গে কিছুক্ষণের জন্য বাগিবতণ্ডা বেধে যায় কর্তব্যরত নিরাপত্তা কর্মকর্তার। বলছিলেন, শিশুকে নিয়ে ঢোকা যাবে না। সেই মায়ের জবাব ছিল, ‘এক বছরের শিশুর জন্য তো টিকিট লাগবে শুনিনি।’ অবশেষে ঢোকার অনুমতি মেলে। আর তখন তাঁর চোখেমুখেও ছিল জয়ের আনন্দ। মনে হলো, সব বেদনা মধুর হয়ে যায় খেলা দেখার আনন্দে।খেলার কারণে গতকাল জুমার নামাজের পর থেকেই নগরের রাস্তাঘাটে যানবাহন চলাচল কমে আসে। যারা মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ পায়নি, তারা ঘরে বসে টেলিভিশনে খেলা দেখে। এসব কারণে গতকাল দুপুরের পর নগরের চিত্র রীতিমতো পাল্টে যায়।