সকাল আটটা থেকে দুপুর ১২টা। মাঝখানে চার ঘণ্টা। এই চার ঘণ্টায় একটি কেন্দ্রে ভোট পড়েছে ৭১টি। বেলা একটায় ওই কেন্দ্রে খোঁজ নেওয়া হলো। জানা গেল, এই এক ঘণ্টায় ভোট পড়েছে আরও নয়টি। এবার ভোটের সংখ্যা ৮০। বেলা দুইটা। ভোট পড়ার সংখ্যা এবার ১৯ বেড়ে ৯৯। বিকেল তিনটায় সেই সংখ্যা ১৫ বেড়ে ১১৪। বিকেল চারটা। ভোট গ্রহণ শেষ। এবার ভোটের সংখ্যা ১৪২। অর্থাৎ ঘণ্টাপ্রতি ভোট পড়েছে ১৮টি।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের কাহালু উপজেলার কাহালু তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রের চিত্র এটি।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল লতিফ মোল্লা জানান, তাঁদের কেন্দ্রে আট ঘণ্টায় ভোট পড়েছে ১৪২টি। এর মধ্যে বাতিল হয়েছে ছয়টি। এ কেন্দ্রের ভোটার ছিলেন চার হাজার ৩২০ জন। এদিকে পাশের কেন্দ্র কাহালু পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে বেলা একটা পর্যন্ত ১১৬টি ভোট পড়েছে। এ কেন্দ্রে ভোটার প্রায় চার হাজার। তবে প্রতি ঘণ্টায় ১০ থেকে ২০টি ভোট পড়ার এই চিত্র মিলেছে এ নির্বাচনী এলাকার অধিকাংশ ভোটকেন্দ্রে। এ আসনে ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করলেও ভোটার উপস্থিতি ছিল না বললেই চলে।
আলেয়া বেগম নামের এক গৃহবধূ বলেন, ‘ভোট দেওয়ার আগেই তো ফল শুনিচ্চি। হাসিনা প্রধানমন্ত্রী হচ্চেন। এমনি এমনি ভোট দিয়ে হামাকেরে লাভ কী। এ জন্য ভোট দিবার যাইনি।’
কাহালুর সহকারী রিটার্নিং কর্মকর্তা মোছলেমা বেগম জানান, ভোটের পরিবেশ শান্তিপূর্ণ। একটি কেন্দ্র ছাড়া কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে ভোটার উপস্থিতি ছিল খুবই কম।
নন্দীগ্রাম উপজেলার নিমাইদীঘি উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল কুদ্দুস জানান, তাঁর কেন্দ্রে মোট ভোটার সংখ্যা দুই হাজার ৩০৮। বিকেল চারটা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৩২টি। কুমিরা পণ্ডিতপুকুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা দুই হাজার ২৬০। দিনশেষে ভোট পড়েছে মাত্র ২৫৮টি।