দেশে প্রতি এক লাখ সন্তান জন্মদানের সময় ১৯৩ জন মা মারা যাচ্ছেন। আর প্রতি ঘণ্টায় নবজাতক মারা যায় নয়জনের বেশি। আর এখনো ৫৬ দশমিক ৫ শতাংশ নারী সন্তান জন্ম দেন অপ্রশিক্ষিত ধাত্রী বা স্বজনদের তত্ত্বাবধানে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমানোর ক্ষেত্রে এটি একটি অন্যতম বাধা বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম ক্লাবে ‘মাতৃ ও শিশুমৃত্যু প্রতিরোধ: আমাদের অঙ্গীকার’ শীর্ষক এক কর্মশালায় এসব তথ্য জানানো হয়। ইউএসএআইডি এবং ভয়েস অব আমেরিকা এই কর্মশালার আয়োজন করে। এতে সহযোগিতা করে রেডিও টুডে। কর্মশালায় ৩০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।
কর্মশালার মডারেটর ছিলেন ভয়েস অব আমেরিকা বাংলা সার্ভিসের প্রধান রোকেয়া হায়দার। কর্মশালার বিভিন্ন পর্বে বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন ইউএসএআইডির টিম লিডার উম্মে মিনা, ইউএসএআইডির প্রকল্পপ্রধান হালিদা এইচ আখতার, একই সংস্থার শিক্ষাবিষয়ক টিম লিডার শহিদুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় মাতৃমৃত্যুর বিভিন্ন দিক তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রসূতি বিভাগের অধ্যাপক রওশন মোরশেদ। তিনি বলেন, দেশে এখনো ৫৬ দশমিক ৫ শতাংশ নবজাতকের জন্ম হয় অপ্রশিক্ষিত হাতে। এতে নবজাতক ও মায়ের মৃত্যুঝুঁকি বেড়ে যায়। বর্তমানে প্রতি এক লাখ প্রসূতির মধ্যে সন্তান জন্মদানের সময় ১৯৩ জন মারা যান। চলতি বছর এটি ১৪৩-এ নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। চিকিৎসক কিংবা প্রশিক্ষিত হাতে জন্মদান নিশ্চিত করা গেলে মৃত্যু অনেক কমে আসবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের নবজাতক বিভাগের সহযোগী অধ্যাপক জগদীশ চন্দ্র দাশ বলেন, প্রতি ঘণ্টায় বাংলাদেশে নয়জনের বেশি নবজাতক মৃত্যুবরণ করছে। এর অন্যতম একটি কারণ হচ্ছে প্রসবকালীন জটিলতা।