ঘণ্টায় ২০ জন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) মহাখালী হাসপাতালে গতকাল সোমবার বিকেল চারটা পর্যন্ত ডায়রিয়া রোগী ভর্তি হয় ২৪৮ জন। বিকেল পাঁচটায় রোগী বেড়ে দাঁড়ায় ২৮২ জনে, সন্ধ্যা ছয়টায় তা হয় ৩০৯ জন। গত কয়েক দিনের হিসাবে দেখা যাচ্ছে, ঘণ্টায় ২০ জনের বেশি এ ধরনের রোগী এই হাসপাতালে ভর্তি হচ্ছে।

>এ সময় নিরাপদ পানি খেতে হবে বেশি। শরবত বা অন্য তরল খাওয়া যায়। আঁটসাঁট পোশাক না পরে ঢিলেঢালা পোশাক পরতে হবে। পোশাক সুতির হলে ভালো
অধ্যাপক এ বি এম আবদুল্লাহ
ডিন, মেডিসিন অনুষদ, বিএসএমএমইউ

হাসপাতালে কর্মরত একজন চিকিৎসক প্রথম আলোকে বলেন, গত কয়েক দিনে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। গত রোববার ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছিল ৫২২ জন, আর শনিবারে ৫১৫ জন। রোগীদের একটি বড় অংশ আসছে বাড্ডা ও যাত্রাবাড়ী এলাকা থেকে।
এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের প্রধান ড. আজহারুল ইসলাম বলেন, রোগীদের ২০ থেকে ২৫ শতাংশ তীব্র ডায়রিয়া বা কলেরা নিয়ে ভর্তি হচ্ছে। ভর্তি হওয়া রোগীদের ৪০ শতাংশ শিশু।
গরম পড়ার সঙ্গে সঙ্গে শুধু যে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে তা নয়, জ্বরের প্রকোপও দেখা দিয়েছে রাজধানীতে। এই সময়ে শিশুরা বেশি অসহায় হয়ে পড়েছে।
ঢাকা শিশু হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রবীর কুমার সরকার প্রথম আলোকে বলেন, শিশুদের মধ্যে সর্দি, কাশি ও জ্বর বেড়েছে। তবে হাসপাতালে রোগীর চাপ বাড়েনি। তিনি বলেন, বাইরে এত রোদ, এত গরম যে মা-বাবারা শিশুদের নিয়ে হাসপাতালে আসছেন না। বিকেলে চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে ভিড় আগের চেয়ে বেড়েছে।
গরমে সুস্থ থাকার জন্য বেশি করে পানি বা তরল খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। পানি, শরবত বা যে তরলই হোক না কেন, তা যেন নিরাপদ হয়। ডায়রিয়ার একটি প্রধান কারণ অনিরাপদ পানি এবং রাস্তার পাশের খাবার ও বাসি খাবার।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক এ বি এম আবদুল্লাহ বলেছেন, এ সময় রোদে কম যাওয়াই বাঞ্ছনীয়। বাইরে গেলে ছাতা বা মাথার ওপর এমন কিছু দিতে হবে, যেন ছায়া পাওয়া যায়। ঘরে থাকলে পাখা চালাতে হবে।
গরমে ঘামের সঙ্গে শরীর থেকে লবণ বেরিয়ে যায় উল্লেখ করে অধ্যাপক আবদুল্লাহ বলেন, এ সময় পানি খেতে হবে বেশি, পানিতে লবণ মিশিয়ে খাওয়াই ভালো। শরবত বা অন্য তরল খাওয়া যায়। তবে খেয়াল রাখতে হবে, এসব যেন নিরাপদ হয়। এ সময় আঁটসাঁট পোশাক না পরে ঢিলেঢালা পোশাক পরতে হবে। পোশাক সুতির হলে ভালো।
গরমে বয়স্ক ব্যক্তি ও শিশুরা বেশ অসহায় হয়ে পড়ে। লবণযুক্ত পানি পানের পরামর্শ আছে ঠিকই, তবে এ ক্ষেত্রেও একটু সতর্কতা প্রয়োজন। যাঁদের উচ্চ রক্তচাপ, তাঁদের লবণযুক্ত পানি বা স্যালাইন খাওয়ার ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
শিশুদের ওপর বিশেষ নজর রাখার পরামর্শ দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক আবিদ হোসেন মোল্লা। তিনি বলেছেন, দেখতে হবে স্বাভাবিকের চেয়ে শিশু প্রস্রাব কম করছে কি না। প্রস্রাব কম হোক বা না হোক, তাকে পানি বেশি করে খাওয়াতে হবে। এ সময় শিশুকে নিয়মিত গোসল করানোর পরামর্শ দিয়েছেন তিনি।
তবে জটিল বা জরুরি পরিস্থিতি হলে বাড়ির কাছের হাসপাতালে যেতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৬২৬৩ নম্বরে ফোন করলে চিকিৎসকের পরামর্শ পাওয়া যাবে ২৪ ঘণ্টা।