রাজধানীতে হঠাত্ করে ডায়রিয়ার সংক্রমণ বেড়েছে। গতকাল মঙ্গলবার প্রতি ঘণ্টায় গড়ে ২০ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছে আন্তর্জাতিক উদারাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআরবি)। গত দিন প্রথম ১৮ ঘণ্টায় ৩৭৩ জন রোগী এ হাসপাতালে ভর্তি হয়। আইসিডিডিআরবির চিকিত্সকেরা জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হওয়া রোগীর ২০ থেকে ২৫ শতাংশ তীব্র ডায়রিয়ায় আক্রান্ত। এদের অধিকাংশই শিশু।আইসিডিডিআরবির চিকিত্সকেরা বলছেন, আবহাওয়ার তাপমাত্রা বেড়ে যাওয়া ও বিশুদ্ধ পানির সরবরাহের সংকটের কারণে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। ভবিষ্যতে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা আরও বাড়তে পারে এ আশঙ্কা করছেন চিকিত্সকেরা। রাজধানীর বাইরের টঙ্গী, গাজীপুর থেকেও রোগী হাসপাতালে আসছেন।মিরপুরের শেওড়াপাড়া থেকে আইসিডিডিআরবিতে ভর্তি হওয়া তিন বছর বয়সী নাদিয়ার শিরায় স্যালাইন দেওয়া হয়েছে। তার মা ঝর্ণা প্রথম আলোকে বলেন, তিন দিন ধরে ডায়রিয়ায় ভুগছে নাদিয়া। একই সঙ্গে বমিও হচ্ছে।গতকাল কামরাঙ্গীরচরের আট বছরের অনন্ত রবিদাস ভর্তি হয়েছে মহাখালীর এই হাসপাতালে। তার বাবা বাবুল রবিদাস প্রথম আলোকে বলেন, গত দুই দিন ধরে পাতলা পায়খানার সঙ্গে বমিও করছে সে। কোনো খাবারই খেতে পারছে না। চিকিত্সকেরা খাবার স্যালাইন দিয়েছেন।গাজীপুর থেকে আসা পাঁচ মাস বয়সী সিয়াম ফেরদৌসকে খাবার স্যালাইন দিচ্ছিলেন তার মা সুমাইয়া ফেরদৌস। তিনি বলেন, ‘গরম বাড়ার কারণেই সিয়াম অসুস্থ হয়ে পড়ে। পাতলা পায়খানার পাশাপাশি বমিও করেছে নিয়মিত। এ কারণে দ্রুত এ হাসপাতালে নিয়ে এসেছি।’ এ পরিস্থিতির জন্য তাপমাত্রা বেড়ে যাওয়ার পাশাপাশি বিশুদ্ধ খাবার পানির সংকটকে দায়ী করেছেন আইসিডিডিআরবির বিজ্ঞানী মো. শাহাদাত হোসেইন। ডায়রিয়া থেকে রক্ষা পেতে বাসি ও পচা খাবার এড়াতে পরামর্শ দিয়েছেন শাহাদাত হোসেইন। তিনি আরও বলেন, রাস্তায় বিক্রি হওয়া শরবত থেকে দূরে থাকতে হবে। এ ছাড়া ডায়রিয়া হলে দ্রুত খাবার স্যালাইন খাওয়াতে হবে। যেসব শিশু বুকের দুধ খায়, তাদের বুকের দুধ খাওয়াতে হবে। অন্যদের স্বাভাবিক খাবার চালিয়ে যেতে হবে। শাহাদাত হোসেইন আরও বলেন, খাবার পানি অবশ্যই ফুটিয়ে খেতে হবে। অন্যথায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা ফিটকিরি ব্যবহার করে পানি বিশুদ্ধ করতে হবে।