ঘণ্টায় ৩ প্রজাতি বিলুপ্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীববৈচিত্র্য-বিষয়ক জাতীয় কর্মশালায় বক্তারা বলেছেন, প্রতি ঘণ্টায় পৃথিবী থেকে তিনটি করে প্রাণীর প্রজাতি বিলুপ্ত হয়। বছরে বিলুপ্ত হয় ২০ হাজারটি। অথচ পৃথিবীর ৩০০ কোটি মানুষ উপকূলে আর ১৬০ কোটি মানুষ বনাঞ্চলে বসবাস করে। যাদের জীবিকার বড় উৎস আসে জীববৈচিত্র্য থেকে। বাংলাদেশেও বিপুলসংখ্যক মানুষ জীববৈচিত্র্যের ওপর নির্ভর করে টিকে আছে। ফলে টেকসই উন্নয়নের জন্য জীববৈচিত্র্য রক্ষা করতে হবে।
গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে। রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডির আরইডিসি মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালার উদ্দেশ্য ছিল জীববৈচিত্র্য-বিষয়ক জাতীয় লক্ষ্যমাত্রা বাস্তবায়নের সূচক তৈরি ও কর্মকৌশল নির্ধারণ।
প্রধান অতিথি কামাল উদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করে বিষয়টি উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন। তিনি দেশে জীববৈচিত্র্য বিষয়ে জনসচেতনতার ঘাটতির কথা উল্লেখ করে বলেন, অনেক উচ্চপর্যায়ের ব্যক্তিকেও এমন বলতে শোনা গেছে, ‘বানরের কারণে আপনারা ওই কাজের ছাড়পত্র দিচ্ছেন না। বানর বড় না মানুষ বড়।’
কর্মশালায় জীববৈচিত্র্য রক্ষার কর্মপরিকল্পনা-বিষয়ক প্রকল্পের (এনবিস্যাপ) পরিচালক সোলায়মান হায়দার বলেন, দেশে ১৩টি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ও ৩৮টি সংরক্ষিত বন রয়েছে। বাংলাদেশ ১৯৯২ সালে জাতিসংঘের জীববৈচিত্র্য রক্ষা সনদে (সিবিডি) স্বাক্ষর করেছে। এতে ২০২০ সালের মধ্যে দেশের জীববৈচিত্র্য রক্ষার বেশ কিছু অঙ্গীকার বাংলাদেশ পালন করবে বলে জাতিসংঘকে জানিয়েছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. রইছউল আলম মণ্ডল। কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থার কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও সচেতন নাগরিকেরা উপস্থিত ছিলেন।