ঘন কুয়াশা, ফেরি চলাচল ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশায় গত কয়েক দিনের মতো রোববার রাতেও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। নৌপথ দেখতে না পেয়ে মাঝ নদীতে চারটি ফেরি সাড়ে পাঁচ ঘণ্টা আটকে থাকে।

এতে দুই ঘাটেই যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ ছোট-বড় কয়েক শ যানবাহন আটকা পড়ে। শীতের মধ্যে আটকে থাকা এসব যানবাহনের হাজারো যাত্রী ও শ্রমিক পড়েন ভোগান্তিতে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় ও ঘাটসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, রোববার রাতে কুয়াশা পড়তে থাকে। রাত দুইটার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে কুয়াশা বেড়ে যায়। এ সময় পাটুরিয়ার উদ্দেশে দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন বোঝাই করে ছেড়ে আসা রো রো (বড়) ফেরি শাহজালাল, বরকত ও এনায়েতপুরী এবং ইউটিলিটি (মাঝারি) ফেরি মাধবীলতা নৌপথ দেখতে না পেয়ে মাঝ নদীতে নোঙর করে। এরপর দুর্ঘটনা এড়াতে দুই পাড়ে অন্যান্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

কুয়াশা কমার পর গতকাল সোমবার সকাল সাড়ে সাতটার দিকে মাঝ নদীতে নোঙর করা ফেরি চারটি আবার গন্তব্যের উদ্দেশে রওনা হয়। এ সময় অন্যান্য ফেরিও গন্তব্যে ছেড়ে যায়। সাড়ে পাঁচ ঘণ্টা ফেরি বন্ধ থাকায় দুই ঘাটে কয়েক শ যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও ছোট যানবাহন আটকা পড়ে।