ঘন কুয়াশার কারণে গত বৃহস্পতিবার রাতে সাড়ে ছয় ঘণ্টারও বেশি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। এতে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে দুই মহাসড়কে যাত্রীবাহী বাসসহ কয়েক শ যানবাহন আটকা পড়ে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে কুয়াশা পড়তে থাকলে দৌলতদিয়া থেকে পাটুরিয়ায় নৌযান চলাচলে বাধার সৃষ্টি হয়। রাত বাড়ার সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে রাত সাড়ে ১০টা থেকে এ পথে সম্পূর্ণভাবে নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। প্রায় দেড় ঘণ্টা পর কুয়াশা কম দেখে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়। এ সময় এক ঘণ্টা নৌযান চলাচলের পর পুনরায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। এতে দ্বিতীয় দফায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। পাটুরিয়া থেকে ছেড়ে আসা রো রো ফেরি খানজাহান আলী যানবাহন নিয়ে মাঝনদীতে আটকা পড়ে।
গতকাল শুক্রবার সকাল সোয়া ছয়টার দিকে কুয়াশা কেটে যায়। সাড়ে ছয়টার দিকে ফেরিসহ নৌযান চলাচল শুরু হয়। এ সময় দুই ঘাটে আটকে পড়ে কয়েক শ গাড়ি। দীর্ঘসময় নদীপথে এবং সড়কে কুয়াশা ও শীতের মধ্যে আটকে পড়ায় দুর্ভোগের শিকার হয় মানুষ।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, পর্যাপ্ত ফেরি থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ কমতে শুরু করে।