ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় চার ঘণ্টা ফেরি বন্ধ
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে আজ রোববার ভোর পাঁচটা থেকে সকাল নয়টা পর্যন্ত চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাতটি রো রো (বড়), ছয়টি কে-টাইপ (মাঝারি) ও তিনটি ইউটিলিটি (ছোট) ফেরি দিয়ে যানবাহন পারাপার চলে। গতকাল শনিবার মধ্যরাত থেকে নৌপথে কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার তীব্রতা বেড়ে গেলে আজ ভোর পাঁচটার দিকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ছেড়ে আসা পাঁচটি ফেরি মাঝনদীতে নোঙ্গর করে থাকে। এ সময় পাটুরিয়া প্রান্তে ছয়টি ও দৌলতদিয়া প্রান্তে পাঁচটি ফেরি যানবাহন বোঝাই করে নোঙ্গর করে থাকে। কুয়াশার তীব্রতা কমে গেলে সকাল নয়টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এ সময় মাঝনদীতে নোঙ্গর করে থাকা ফেরিগুলো পাটুরিয়ার উদ্দেশে রওনা দেয়।
মাঝনদীতে ফেরি আটকা পড়ায় শীতের মধ্যে যাত্রী ও যানবাহনের শ্রমিকেরা চরম ভোগান্তিতে পড়েন।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল প্রথম আলোকে বলেন, পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া প্রান্তে যাত্রীবাহী অর্ধশত কোচ ও পণ্যবাহী দেড় শতাধিক ট্রাক আটকা পড়ে। প্রায় একই পরিমাণ যানবাহনকে দৌলতদিয়া প্রান্তেও নদী পারের অপেক্ষায় আটকে থাকতে হয়।