ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার রাত সাড়ে নয়টা থেকে এ নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ফলে মাঝ নদীতে ১০টি ফেরি কয়েক শ যান নিয়ে আটকা পড়েছে।
মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক সিরাজুল হক রাতে প্রথম আলোকে জানান, শিমুলিয়াঘাটে তেমন কুয়াশা নেই। তবে কাওড়াকান্দি ঘাট এলাকায় ঘন কুয়াশা পড়েছে। মাগুরখণ্ড চ্যানেলে ঘন কুয়াশা থাকায় সেখানে ১০টি ফেরি আটকা পড়েছে। কুয়াশা কাটলে আবার ফেরি চলাচল শুরু হবে।
এ দিকে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।