শিমুলিয়া-কাওড়াকান্দিতে নৌযান চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশা কেটে যাওয়ার পর শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে আবারও নৌযান চলাচল শুরু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নৌযান চলাচল শুরু হয় বলে জানান শিমুলিয়া ঘাট বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক আবদুল আলীম।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) এই কর্মকর্তা জানান, মাঝনদীতে নোঙর করে রাখা রায়পুরা, রাণীক্ষেত ও শাহ আলী নামের ফেরি তিনটি নিজ নিজ ঘাটের উদ্দেশে ছেড়ে গেছে। এ ছাড়া শিমুলিয়া এবং কাওরাকান্দি ঘাট থেকে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল করছে।

পাঁচ শতাধিক যাত্রী নিয়ে এখনো আটকে আছে লঞ্চ:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীর চরে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে এম ভি আঁচল-৪ নামের একটি লঞ্চটি এখনো আটকে আছে।গতকাল রোববার রাতে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা লঞ্চটি ঘন কুয়াশার কারণে আজ ভোর পাঁচটার দিকে চরে আটকে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, লঞ্চটি উদ্ধার করতে জোয়ার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।