ঘন কুয়াশায় সাতটি ফেরি মাঝনদীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে গত মঙ্গলবার রাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় সাতটি ফেরি মাঝনদীতে নোঙর করতে বাধ্য হয়। একই কারণে ওই রাতে এই নৌপথে আট ঘণ্টা সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, উভয় ঘাট থেকে বিভিন্ন সময় ছেড়ে যাওয়া ছোট-বড় সাতটি ফেরি মাঝনদীতে পৌঁছালে ঘন কুয়াশার কবলে পড়ে। এ সময় ফেরির মাস্টাররা সামনের বিকন বাতি দেখতে না পাওয়ায় দুর্ঘটনা এড়াতে সেখানেই নোঙর করতে বাধ্য হন। ফেরিগুলোতে অন্তত ২০টি যাত্রীবাহী বাস, ৩০টি পণ্যবোঝাই ট্রাক ও ১০টি ছোট (ব্যক্তিগত) গাড়িতে তিন শতাধিক যাত্রী ছিল।
ঘন কুয়াশার কারণে গত রাত পৌনে দুইটা থেকে সকাল ১০টা পর্যন্ত এ রুটে চলাচল বন্ধ ছিল। এ সময় দৌলতদিয়া প্রান্তে পাঁচটি ও পাটুরিয়া প্রান্তে চারটি ফেরি ঘাটেই নোঙর করে। এতে করে উভয় ঘাটে আটকা পড়েছে নানা ধরনের প্রায় ৩০০ যানবাহন। কুয়াশা কেটে গেলে আবারও ফেরি চলাচল শুরু হয়।