ঘন কুয়াশায় সারবাহী কার্গো চলাচল ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশা পড়ায় কয়েক দিন ধরে শাহজাদপুরের বাঘাবাড়ী-চট্টগ্রাম নৌপথে সারবাহী কার্গো চলাচল ব্যাহত হচ্ছে। এতে উত্তরাঞ্চলে আপৎকালীন সার মজুতের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার আসন্ন সেচ মৌসুমে উত্তরাঞ্চলের কৃষকের জন্য ৬৪ লাখ টন ইউরিয়া সার মজুতের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী গত অক্টোবর মাস থেকে কার্গোতে সার চট্টগ্রাম থেকে বাঘাবাড়ী নৌবন্দরে নেওয়া শুরু করা হয়। একই সঙ্গে ট্রাকে করে বাঘাবাড়ী নৌবন্দর থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলার বিসিআইসির ১৪টি বাফার গুদামে সরবরাহ শুরু হয়। গত চার দিন ঘন কুয়াশার কারণে সারবাহী কার্গো সন্ধ্যা থেকে পরের দিন দুপুর পর্যন্ত চলাচল করতে পারছে না। দুর্ঘটনা এড়াতে এসব কার্গো পাটুরিয়ায় নোঙর করা হয়েছে।
কার্গোচালক আমির হোসেন বলেন, দিন-রাত কার্গো চালানো হলেও কুয়াশার কারণে রাতে চালানো সম্ভব হচ্ছে না। এ কারণে সার পরিবহনে সময় বেশি নষ্ট হচ্ছে।বাঘাবাড়ী বন্দরের ইজারাদার আবদুস সালাম জানান, চার দিন আগেও প্রতিদিন চট্টগ্রাম থেকে ২০-২২টি কার্গো এখানে আসত। এখন ১০-১১টি আসছে।
পরিবহন ঠিকাদার জাহিদ হোসেন, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জিন্নাত আলী জানান, কুয়াশার কারণে সঠিক সময়ে আপৎকালীন সার মজুত অনিশ্চিত হয়ে পড়েছে।