ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে পাঁচ শতাধিক চাতাল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে শেরপুর জেলার পাঁচ শতাধিক চাতাল নয় দিন ধরে বন্ধ রয়েছে। এ কারণে চাল উৎপাদন ও সরবরাহ ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়ছে বাজারে। বাড়ছে চালের দাম। চাতালগুলো বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছে প্রায় পাঁচ হাজার শ্রমিক। জেলা চালকল মালিক সমিতি সূত্র জানায়, জেলার পাঁচ শতাধিক চাতালে প্রতিদিন গড়ে তিন থেকে সাড়ে তিন হাজার মেট্রিক টন চাল প্রক্রিয়াজাত করা হয়। নয় দিন ধরে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে রোদের দেখা মেলেনি। বিকেলে কিছু সময়ের জন্য রোদ উঠলেও তাতে তাপ থাকে না। ফলে সেদ্ধ ধান শুকিয়ে তা থেকে চাল করা যাচ্ছে না। এতে করে সরবরাহ কমে যাওয়ায় বাজারে বেড়ে গেছে চালের দাম। গত শুক্রবার শেরপুর শহরের নয়আনী বাজারের চালের মোকামে গিয়ে জানা যায়, মাত্র এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের চালের দাম মণপ্রতি ৮০ থেকে ১০০ টাকা বেড়েছে। জেলা চালকল মালিক সমিতির সভাপতি মো. আসাদুজ্জামান বলেন, ঘন কুয়াশার কারণে চাতালের সিদ্ধ করা ধান শুকানো যাচ্ছে না। আবার আবহাওয়া খারাপ থাকায় নষ্ট হওয়ার আশঙ্কায় চাতাল মালিকেরা ধান সেদ্ধ করছেন না। ফলে চালকলগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে। বেড়ে যাচ্ছে পাইকারি ও খুচরা বাজারে চালের দাম। শেরপুর পৌর এলাকার কান্দাপাড়া মহল্লার ইউনাইটেড রাইস মিলের শ্রমিক নূরজাহান বলেন, রোদের অভাবে এক সপ্তাহ ধরে ধান সেদ্ধ করাসহ শুকানোর কাজ করা যাচ্ছে না। ফলে বেকার হয়ে পড়েছে তাঁর মতো অনেক শ্রমিক। এ অবস্থায় মালিকের কাছ থেকে ধার করে সংসার চালাতে হচ্ছে। জেলা চাতাল শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার আবদুল হামিদ শুক্রবার প্রথম আলোকে বলেন, তীব্র শৈত্যপ্রবাহের কারণে চাতালগুলো বন্ধ থাকায় এখানকার পাঁচ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। আর্থিক সংকট ও শীতবস্ত্রের অভাবে তাঁরা বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন।