ঘন কুয়াশা, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যানজট

ঘন কুয়াশার কারণে গতকাল সোমবার সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত সাড়ে তিন ঘণ্টার বেশি সময় রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝনদীতে যানবাহনবোঝাই চারটি ফেরি আটকা পড়ে। সেই সঙ্গে গাড়ি বোঝাই করে দৌলতদিয়া প্রান্তে পাঁচটি এবং পাটুরিয়া প্রান্তে সাতটি ফেরি নোঙর করে ছিল।
আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত দৌলতদিয়া-খুলনা মহাসড়কের প্রায় তিন কিলোমিটার লম্বা গাড়ির লাইন তৈরি হয়। এতে দুর্ভোগের কবলে পড়েন হাজারো যাত্রী ও গাড়িচালক। আজ দুপুর ১২টা পর্যন্ত ঘাটের দুই ধারে তীব্র যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যায় এ জট কিছুটা কমলেও তা রয়ে গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, সোমবার দিবাগত সন্ধ্যার পরও পদ্মা এবং যমুনা নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। অতিমাত্রায় কুয়াশা পড়ায় রাত সোয়া আটটার দিকে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। এ সমস্যায় এর আগে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফেরি বন্ধের আগ মুহূর্তে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট থেকে যানবাহনবোঝাই ছেড়ে যাওয়া কেরামত আলী, ঢাকা, শাপলা শালুক ও হাসনাহেনা নামের চারটি ফেরি মাঝনদীতে দিক বুঝতে না পেরে নোঙর করতে বাধ্য হয়। ফেরিতে ২০টির মতো যাত্রীবাহী বাস, ১০টির মতো পণ্যবাহী ট্রাক ও আরও ২০টির মতো ছোট গাড়ি ছিল। নদীর মাঝে শীত ও কুয়াশায় ফেরিতে থাকা যানবাহনের শিশু, নারী, বৃদ্ধসহ বিভিন্ন যাত্রী দুর্ভোগে পড়েন। এ সময় দৌলতদিয়ায় শাহ আলী, চন্দ্র মল্লিকা, মাধবীলতা, কপোতী ও কুমারী এবং বাকি সাতটি ফেরি পাটুরিয়ায় নোঙর করতে বাধ্য হয়। সোমবার ১২টার পর কুয়াশা কাটলে ফেরি ছাড়তে শুরু করে।
কুয়াশার কারণে দৌলতদিয়া থেকে ছেড়ে যাওয়া যাত্রীবোঝাই একটি লঞ্চ মাঝনদীতে পৌঁছার পর সামনের দিক বুঝতে না পারায় ও অতিরিক্ত যাত্রী বহনের কারণে সেখানেই একটি বালুচরে যাত্রী নামিয়ে দেয়। এ সময় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়।
আজ দুপুরে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাট থেকে গাড়ির লাইন মহাসড়কের দুই কিলোমিটার ছেড়ে গেছে। এ ছাড়া চারটির মধ্যে শুধু ৩ ও ৫ নম্বর ঘাট দিয়ে গাড়ি ফেরিতে ওঠা-নামা করছে। ১ ও ২ নম্বর ঘাটের কাছে এখনো ড্রেজিংয়ের যন্ত্রাংশ থাকায় ফেরি ভেড়ানো সম্ভব হচ্ছে না। ঘাটে লম্বা লাইনে আটকে থাকা খুলনা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের চালক নুর ইসলাম বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে ঘাটে পৌঁছে সাত ঘণ্টা পর ফেরিতে ওঠার চেষ্টা করছেন। তবে দীর্ঘ সময় বাসে বসে থাকতে থাকতে অনেক যাত্রী ক্লান্ত হয়ে পড়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ রনি প্রথম আলোকে বলেন, ফেরি ও ঘাট-স্বল্পতার পাশাপাশি কুয়াশায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। কয়েক দিন ধরে প্রায় দিন সন্ধ্যার পর পদ্মা এবং যমুনা নদী অববাহিকায় কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ছে। অনেক সময় হালকা কুয়াশার মধ্যে ঝুঁকি নিয়ে ফেরি চালাতে হচ্ছে। তারপরও ঘাটে আটকে থাকছে শত শত গাড়ি।