ঘন কুয়াশার কারণে প্রায় এক মাস ধরে ভোলা-লক্ষ্মীপুর নৌপথে ফেরি ও লঞ্চ সময়মতো চলাচল করছে না। এতে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, সময়মতো ফেরি চলাচল না করায় দূরদূরান্তের যাত্রীরা ঘাটে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। এ সময় অনেককে ট্রলারে করে নৌপথ পার হতে দেখা যায়।
ভোলার চরফ্যাশনের জনতাবাজার এলাকার বাসিন্দা চট্টগ্রামগামী যাত্রী আবদুল আলীম হাওলাদার জানান, ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টার পথে চার ঘণ্টা লেগে যাচ্ছে। এতে তাঁরা ভোগান্তির শিকার হচ্ছেন। তবে নারী ও শিশুরা ভোগান্তির শিকার হচ্ছে বেশি। এ ছাড়া ফেরিতে কোনো খাবারও পাওয়া যাচ্ছে না।
লালমোহনের কর্তারহাট এলাকার যাত্রী আবদুল রহিম ফরাজী গতকাল বেলা একটার দিকে প্রথম আলোকে জানান, সকাল নয়টার দিকে ফেরি ছাড়ার কথা থাকলেও ছাড়েনি। প্রায় পাঁচ ঘণ্টা ধরে ঘাটে বসে আছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিটিসি) ভোলার ইলিশা ফেরিঘাটের ব্যবস্থাপক আবুল আলম হাওলাদার জানান, গত সোমবার রাত ১০টায় ভোলার ইলিশা ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়া ‘কিষানি’ নামের ফেরিটি মেঘনা নদীর মাঝে জেগে ওঠা চরে ১৪ ঘণ্টা আটকে থাকে। সেটি গতকাল দুপুরে উদ্ধার করা হয়। এক মাস ধরে ঘন কুয়াশার কারণে ভোলা-লক্ষ্মীপুর নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। প্রায়ই ঘন কুয়াশায় পড়ে ফেরি মাঝনদীতে নোঙর করতে হচ্ছে। শুধু ফেরি নয়, লঞ্চ চলাচলেও সমস্যা হচ্ছে। দুর্ঘটনা এড়াতে এই পথে মাঝেমধ্যে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে।