ঘন কুয়াশার কারণে গত সোমবার রাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় উভয় ঘাটে তিন শতাধিক পণ্যবাহী যান আটকা পড়ে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের রেডিও টেলিফোন অপারেটর (আরটিও) মাহমুদ হোসেন বলেন, কুয়াশার কারণে সোমবার রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় দৌলতদিয়া ঘাটে আমানত শাহ ও কপোতি নামের দুটি ফেরি এবং পাটুরিয়া ঘাটে শাহ আলী ও ভাষাশহীদ বরকত নামের আরও দুটি ফেরি যানবাহন বোঝাই করে ঘাটেই অবস্থান করে। হরতাল-অবরোধের কারণে যানবাহনের চাপ না থাকায় বাকি ছয়টি ফেরি পাটুরিয়া ঘাটে থামিয়ে রাখা হয়। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে উভয় ঘাটে চাপ বাড়তে থাকে। উভয় ঘাটে তিন শতাধিক পণ্যবাহী যান আটকা পড়ে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে কুয়াশার মাত্রা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।