ঘন কুয়াশার কারণে দুই নৌপথে ফেরি চলাচলে বিঘ্ন
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাওড়াকান্দি এবং রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে গতকাল শনিবার ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল। এতে দুই পাশে দীর্ঘ যানজট হয় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
শিমুলিয়া ঘাটের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ জানায়, শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে গত শুক্রবার রাত ১১টা থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত নয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। ফরিদপুরের চন্দ্রপাড়া ওরসের যাত্রীবাহী গাড়ির বাড়তি চাপ থাকায় যানজটের তীব্রতা বেড়ে যায়। গতকাল সকাল আটটায় কুয়াশা দূর হলে ফেরি চলাচল শুরু হয়। কিন্তু যানবাহনের চাপ এতটাই বেশি ছিল যে চলাচল স্বাভাবিক হতে বেলা দুইটা বেজে যায়। লৌহজং থানার ওসি মো. জাকির হোসেন বলেন, ওরস শেষ হওয়া না পর্যন্ত কুয়াশা থাকলে ফেরি চলাচলে কিছুটা সমস্যা হবেই।
এদিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল গতকাল দুই দফা বন্ধ ছিল। মোট সাত ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল সকাল পৌনে নয়টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।