ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল পাঁচ ঘণ্টা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে গতকাল সোমবার মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ ছিল। পরে কুয়াশা কিছুটা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।
কুয়াশার কারণে মাঝনদীতে তিন শতাধিক যান নিয়ে ১২টি ফেরি নোঙর করতে বাধ্য হয়। ফলে দুই ঘাটে ছয় শতাধিক যান আটকা পড়ে।
প্রত্যক্ষদর্শী ও বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে গত রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। দুই ঘাট থেকে ছেড়ে আসা ১২টি ফেরি মাঝনদীতেই নোঙর করতে বাধ্য হয়। এসব ফেরিতে তিন শতাধিক যানবাহনে হাজারো যাত্রী চরম দুর্ভোগের শিকার হন। সকাল সাড়ে আটটার দিকে কুয়াশা কিছুটা কেটে গেলে ফেরিগুলো আবার গন্তব্যের দিকে ছেড়ে যায়।
রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিনে আটকা পড়া যাত্রী শরিফ মাহমুদ জানান, ঢাকা যাওয়ার জন্য কাওড়াকান্দিঘাটে রাত সাড়ে তিনটার দিকে ফেরিতে ওঠেন তিনি। কিছুক্ষণ চলার পরে কুয়াশার কারণে সেটিকে নোঙর করানো হয়। পরে সকাল সাড়ে আটটার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলতে শুরু করে। সকাল সাড়ে নয়টার দিকে তিনি মাওয়াঘাটে পৌঁছান।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় মাওয়া ও কাওড়াকান্দির উভয় পাশে পণ্যবাহী ট্রাকসহ ছয় শতাধিক যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। মাওয়াঘাটে বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সিরাজুল হক প্রথম আলোকে জানান, ঘন কুয়াশার কারণে ১২টি ফেরি মাঝপথে নোঙর করে। প্রায় পাঁচ ঘণ্টা পর কুয়াশা কিছুটা কেটে গেলে সেগুলো চলাচল শুরু করে।