ঘন কুয়াশায় অচলাবস্থা, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে গত শনিবার মধ্যরাত থেকে গতকাল দুপুর ১২টা পর্যন্ত ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এ কারণে ঘাটের দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে। গতকাল বেলা তিনটার সময় দৌলতদিয়ার দিকে পদ্মার মোড় এলাকার চিত্র ছিল এ রকম l ছবি: প্রথম আলো
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে গত শনিবার মধ্যরাত থেকে গতকাল দুপুর ১২টা পর্যন্ত ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এ কারণে ঘাটের দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে। গতকাল বেলা তিনটার সময় দৌলতদিয়ার দিকে পদ্মার মোড় এলাকার চিত্র ছিল এ রকম l ছবি: প্রথম আলো

ঘন কুয়াশার কারণে গত শনিবার মধ্যরাত থেকে গতকাল রোববার দুপুর ১২টা পর্যন্ত নৌযান চলাচল বন্ধ ছিল রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে। দীর্ঘ সময় নৌযান বন্ধ থাকায় উভয় ঘাটে ১০ কিলোমিটারের বেশি যানজট দেখা দেয়। এতে আটকা পড়ে ভোগান্তি পোহাতে হয় যানবাহনের চালক ও যাত্রীদের।
গতকাল বেলা তিনটার দিকে সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাট থেকে গোয়ালন্দের জমিদার ব্রিজ পর্যন্ত প্রায় সাত কিলোমিটার গাড়ির সারি। কোথাও দুই, আবার কোথাও তিন বা চার সারিতে গাড়ি দাঁড়িয়ে। এর ফলে উল্টো দিকেও কোনো গাড়ি ঠিকমতো চলতে পারছে না। বাধ্য হয়ে অনেকেই হাঁটা শুরু করে দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ঢাকায় গিয়েছিলেন রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকির আবদুল জব্বার। ফেরার পথে শনিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি পাটুরিয়া ঘাটে পৌঁছান। ফেরিতে ওঠার কিছুক্ষণ পরই সেটি বন্ধ হয়ে যায়। সারা রাত নদীতে কাটান তিনি। গতকাল দুপুরে ফেরি ছাড়লেও দৌলতদিয়া ঘাটে পৌঁছাতে বেজে যায় বেলা দুইটা।
আবদুল জব্বার প্রথম আলোকে বলেন, ‘এর আগে কখনোই সারা রাত নদীতে কাটাইনি। ঘাটে অসংখ্য মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে।’
সাতক্ষীরা থেকে আসা একটি বাসের চালক ইব্রাহিম মিয়া ১৬ ঘণ্টা আগে দৌলতদিয়া ঘাটে আসেন। গতকাল বেলা তিনটার দিকেও তাঁর গাড়িটি ঘাট থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, রাত বাড়ার সঙ্গে সঙ্গে নদী অববাহিকা কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে। ফলে দুর্ঘটনার আশঙ্কায় তারা রাত ১২টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়। এর আগে দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া রো রো ফেরি ভাষাসৈনিক গোলাম মাওলা মাঝনদীতে আটকা পড়ে। ওই ফেরিতে প্রায় ৫০০ যাত্রী ছিলেন। এ খবর পেয়ে দৌলতদিয়া ঘাটে সাতটি ও পাটুরিয়া ঘাটে ছোট-বড় আটটি ফেরি নোঙর করে রাখা হয়।