রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে আবার ঘন কুয়াশায় গতকাল মঙ্গলবার সকালে আড়াই ঘণ্টা ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝনদীতে আটকা পড়ে যানবাহনবোঝাই সাতটি ফেরি। ফলে গতকাল উভয় ঘাটে যানবাহন পারাপারে দীর্ঘ সময় লাগে এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় থেকে জানা যায়, কুয়াশায় গতকাল ভোর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছিল। সকাল ছয়টার দিকে এ পথে ফেরি, লঞ্চসহ সব নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে দুই ঘাট থেকে ছেড়ে যাওয়া ছোট-বড় সাতটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে।
ফেরিগুলো হলো ভাষাসৈনিক গোলাম মওলা, এনায়েতপুরী, শাহ জালাল, আমানত শাহ, শাপলা শালুক, চন্দ্র মল্লিকা ও হাসনাহেনা। ফেরিগুলোতে অন্তত ৪০টি বাস, ২১টি পণ্যবাহী ও ১৫টি ব্যক্তিগত গাড়ি ছিল। যাত্রীর সংখ্যা ছিল প্রায় দেড় হাজার। কুয়াশা ও শীতে মাঝনদীতে আটকে থাকা যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। নদীতে ফেরি আটকে যাওয়ার সংবাদ পেয়ে দুই ঘাট থেকে আর ফেরি ছাড়েনি।
এ সময় দৌলতদিয়া প্রান্তে এনায়েতপুরী, খানজাহান আলী, কাবেরী, বনলতা এবং পাটুরিয়া ঘাট এলাকায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, কপোতী, কুমারী, রজনীগন্ধা ও মাধবীলতা নোঙর করেছিল। সাড়ে আটটার দিকে কুয়াশা কেটে গেলে নোঙর করে থাকা ও মাঝনদীতে আটকে থাকা ফেরিগুলো ছাড়তে শুরু করে। এর আগের দিন সোমবার তিন দফায় প্রায় সাত ঘণ্টা নৌযান চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে আটকা পড়ে কয়েক শ গাড়ি।
গতকাল দুপুরে দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, ফেরিঘাট থেকে ক্যানালঘাট পর্যন্ত যানবাহনের প্রায় দুই কিলোমিটার দীর্ঘ সারি। ক্যানালঘাটের পর থেকে আরও প্রায় এক কিলোমিটার লম্বা লাইনে পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, রো রো ফেরির সংখ্যা বেশি থাকলে দুর্ভোগ কমে আসত। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।