ঘন কুয়াশায় আড়াই ঘণ্টা ফেরি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে গতকাল বৃহস্পতিবার আড়াই ঘণ্টা সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এদিকে পানি কমে যাওয়ায় দৌলতদিয়ার একটি ঘাট পাঁচ দিন ধরে বন্ধ রয়েছে। ফলে যাত্রী ও পরিবহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে গতকাল ভোর থেকে নৌযান চলাচল ব্যাহত হয়। ভোর ছয়টার দিকে কুয়াশার মাত্রা এতটাই বাড়ে যে সামান্য দূরের কিছুও দেখা যাচ্ছিল না। দুর্ঘটনার আশঙ্কায় কর্তৃপক্ষ তখন থেকে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়। দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে ৬টি করে মোট ১২টি ফেরি নোঙর করে রাখা হয়। উভয় ঘাটে আটকা পড়ে চার শতাধিক বিভিন্ন গাড়ি। একই সময়ে রো রো ফেরি ভাষা সৈনিক গোলাম মওলা, খানজাহান আলী, ইউটিলিটি ফেরি বনলতা ও কপোতী মাঝনদীতে আটকা পড়ে। এসব ফেরিতে ২০টির মতো যাত্রীবাহী বাস, ১৫টির মতো পণ্যবাহী গাড়ি ও ১০টির মতো ব্যক্তিগত গাড়ি ছিল। যাত্রী ছিল হাজারখানেক।

এ প্রসঙ্গে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া ছাড়া তাঁদের উপায় ছিল না। সকাল সাড়ে আটটার দিকে কুয়াশা কেটে গেলে নৌযান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে নদীতে পানি কমে যাওয়ায় দৌলতদিয়ার ৪ নম্বর ঘাটে গত রোববার থেকে কোনো ফেরি ভিড়তে পারছে না। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ঘাট বর্ধিতকরণের জন্য সংস্কারকাজ শুরু করেছে। তবে আগামী রোববারের আগে ঘাটটি ফেরি ভেড়ানোর উপযোগী করা সম্ভব হচ্ছে না।