ঘন কুয়াশায় কীর্তনখোলার চরে স্টিমার আটকা
ঘন কুয়াশায় বরিশালের নৌবন্দর এলাকায় কীর্তনখোলা নদীর চরকাউয়ায় গতকাল রোববার যাত্রীবাহী স্টিমার পিএস মাসুদ আটকে গেছে। এতে দুর্ভোগ পোহায় খুলনার মোরেলগঞ্জ ও পিরোজপুরের হুলারহাটের যাত্রীরা। পরে যাত্রীদের নামিয়ে আনা হয়।
গতকাল সকাল ছয়টায় বরিশাল নৌবন্দর এলাকায় পৌঁছে কুয়াশার কারণে বন্দরে নোঙর না করে বিপরীত পাশে চরকাউয়া এলাকার চরে স্টিমারটি আটকে যায়। দুই শতাধিক যাত্রী নিয়ে স্টিমারটি শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা নৌবন্দর থেকে ছেড়ে আসে। স্টিমারটির মোরেলগঞ্জ যাওয়ার কথা ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানায়, চরে আটকে পড়লেও স্টিমার উদ্ধারে বিআইডব্লিউটিসি দ্রুত ব্যবস্থা নেয়নি। সকাল সাতটার দিকে বরিশালের যাত্রীদের নামিয়ে আনা হলেও স্টিমার চর থেকে নামবে সেই আশায়
ছিলেন হুলারহাট ও মোরেলগঞ্জের যাত্রীরা। দুপুরের পর তাঁদেরও নামিয়ে আনা হয়।
বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা বিভাগের উপপরিচালক আবুল বাশার মজুমদার প্রথম আলোকে বলেন, সকাল ছয়টার দিকে ঘন কুয়াশার কারণে স্টিমারটি বন্দরে নোঙরের আগে চরে আটকা পড়ে। বেলা সাড়ে তিনটা পর্যন্ত স্টিমারটি চর থেকে নামানো সম্ভব হয়নি। স্টিমারে থাকা বরিশালের যাত্রীদের নিরাপদে নগরে আনা হয়েছে।
বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, চরে আটকে যাওয়ার পর সকাল সাতটার দিকে যাত্রীদের উদ্ধার করে নৌকা ও ট্রলারে করে নিয়ে যাওয়া হয়। দুপুর পর্যন্ত জোয়ারের জন্য অপেক্ষা করে মোরেলগঞ্জ ও হুলাহাটের যাত্রীদের টাকা ফেরত দিয়ে বন্দরে নিয়ে আসা হয়েছে। টাগ জাহাজ দিয়ে স্টিমারটি টেনে নামানোর চেষ্টা করা হবে।