ঘন কুয়াশার কারণে গতকাল বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে চার ঘণ্টার বেশি সময় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া ছোট-বড় আটটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় থাকে শত শত যানবাহন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল ভোর থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে। বেলা বাড়ার সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে দুর্ঘটনার আশঙ্কায় কর্তৃপক্ষ ছয়টার আগেই ফেরি পারাপার বন্ধ করে দেয়। কিন্তু এর আগে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া আটটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। এ কারণে উভয় ঘাটে কয়েক শ যানবাহন আটকা থাকে।
গতকাল সকাল ১০টার দিকে দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্টে কয়েক শ যাত্রী ও যানচালক নদী পাড়ি দেওয়ার জন্য অপেক্ষায়। সকাল ১০টার পরই ফেরি ছাড়ার সংবাদ পেয়ে সবাই একটু হাঁফ ছাড়ে।
খুলনা থেকে আসা বাসযাত্রী আবদুর রহিম বলেন, ‘দুপুর ১২টায় এক নিকটাত্মীয়ের বিদেশে (দুবাই) যাওয়ার ফ্লাইট। যে কারণে আমরা গত বুধবার মধ্যরাতেই রওনা হই। কিন্তু ঘাটে এসে প্রায় ছয় ঘণ্টা ধরে বসে আছি। বুঝতে পারছি না সময়মতো ঢাকা পৌঁছাতে পারব কি না।’
মাগুরা থেকে আসা ট্রাকচালক মো. আলমগীর বলেন, ‘গাজীপুর যাওয়ার জন্য বুধবার সন্ধ্যার পর ঘাটে এসে আটকা পড়ি। প্রায় ১৫ ঘণ্টা ধরে আটকা আছি। এখনো ফেরির নাগাল পাইনি। আমার মতো আরও অনেকের পরিস্থিতি প্রায় একই।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম ফেরি চলাচল বন্ধ থাকার সত্যতা নিশ্চিত করেছেন।