ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে গতকাল মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টা থেকে সকাল সোয়া ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝনদীতে আটকা পড়ে প্রায় ৩০টি যানবাহন ও সাত শতাধিক যাত্রীবোঝাই তিনটি ফেরি। এ ছাড়া উভয় ঘাট এলাকার সড়কে আটকা পড়ে তিন শতাধিক যানবাহন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ও পাটুরিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল ভোররাতে সাত শতাধিক যাত্রী নিয়ে ২০টি বাস, ৫টি পণ্যবাহী ট্রাক ও ৬টি ছোট গাড়ি নিয়ে ফেরি এনায়েতপুরী, শাহ জালাল ও কাবেরী ঘাট থেকে ছেড়ে যায়। ফেরি তিনটি মাঝনদীতে পৌঁছালে ঘন কুয়াশার কারণে সাড়ে চারটার দিকে নদীতেই নোঙর করতে বাধ্য হয়। মাঝনদীতে ফেরি আটকে যাওয়ার সংবাদ পেয়ে ওই সময় দৌলতদিয়া প্রান্ত থেকে আর কোনো ফেরি ছেড়ে যায়নি। এ সময় ঘাটে ভাষাসৈনিক গোলাম মাওলা, খানজাহান আলী, আমানত শাহ, কুমারী, শাপলা শালুক, হাসনাহেনা, রজনীগন্ধা, বনলতা ও চন্দ্রমল্লিকা যানবাহন নিয়ে নোঙর করে থাকে। এর কিছুক্ষণ পর পাঁচটার দিকে পাটুরিয়া ঘাট এলাকা কুয়াশাচ্ছন্ন হলে সেখান থেকেও কোনো ফেরি ছেড়ে যায়নি। নৌযান চলাচল বন্ধ হওয়ায় দৌলতদিয়া প্রান্তে পণ্যবাহী শতাধিক গাড়ি ও যাত্রীবাহী প্রায় ১০০ বাস আটকা পড়ে। একইভাবে পাটুরিয়া প্রান্তেও পণ্যবাহী প্রায় ২০০ গাড়ি এবং অর্ধশত যাত্রীবাহী গাড়ি আটকা পড়ে। কুয়াশা কমলে সকাল সোয়া ১০টায় দৌলতদিয়া ঘাট থেকে ফেরি ছাড়া শুরু হয়।
গতকাল দুপুরে ঘাটে দেখা যায়, দৌলতদিয়ার টার্মিনালে আছে কয়েক শ গাড়ি। মহাসড়কের ফেরিঘাট থেকে ক্যানালঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ রাস্তায় কয়েক শ গাড়ি পারাপারের অপেক্ষায় আছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, নৌ-দুর্ঘটনা এড়াতে গতকাল ভোরে নৌপথটিতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় কুয়াশার মধ্যে পথ দেখতে না পেয়ে রো রো (বড়) ফেরি এনায়েতপুরী ও শাহ জালাল এবং কে-টাইপ (মাঝারি) ফেরি কাবেরী যানবাহন ও যাত্রী নিয়ে মাঝনদীতে আটকা পড়ে। এতে খোলা আকাশের নিচে দুর্ভোগ পোহান যানবাহনের যাত্রীরা।
ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে যানবাহনের সারি দীর্ঘ হতে থাকে। সকাল ১০টা পর্যন্ত পাটুরিয়া প্রান্তে শতাধিক যাত্রীবাহী বাস ও দুই শতাধিক পণ্যবাহী ট্রাক দীর্ঘ জটে আটকে ছিল।