ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে গতকাল মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টা থেকে সকাল সোয়া ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝনদীতে আটকা পড়ে প্রায় ৩০টি যানবাহন ও সাত শতাধিক যাত্রীবোঝাই তিনটি ফেরি। এ ছাড়া উভয় ঘাট এলাকার সড়কে আটকা পড়ে তিন শতাধিক যানবাহন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ও পাটুরিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল ভোররাতে সাত শতাধিক যাত্রী নিয়ে ২০টি বাস, ৫টি পণ্যবাহী ট্রাক ও ৬টি ছোট গাড়ি নিয়ে ফেরি এনায়েতপুরী, শাহ জালাল ও কাবেরী ঘাট থেকে ছেড়ে যায়। ফেরি তিনটি মাঝনদীতে পৌঁছালে ঘন কুয়াশার কারণে সাড়ে চারটার দিকে নদীতেই নোঙর করতে বাধ্য হয়। মাঝনদীতে ফেরি আটকে যাওয়ার সংবাদ পেয়ে ওই সময় দৌলতদিয়া প্রান্ত থেকে আর কোনো ফেরি ছেড়ে যায়নি। এ সময় ঘাটে ভাষাসৈনিক গোলাম মাওলা, খানজাহান আলী, আমানত শাহ, কুমারী, শাপলা শালুক, হাসনাহেনা, রজনীগন্ধা, বনলতা ও চন্দ্রমল্লিকা যানবাহন নিয়ে নোঙর করে থাকে। এর কিছুক্ষণ পর পাঁচটার দিকে পাটুরিয়া ঘাট এলাকা কুয়াশাচ্ছন্ন হলে সেখান থেকেও কোনো ফেরি ছেড়ে যায়নি। নৌযান চলাচল বন্ধ হওয়ায় দৌলতদিয়া প্রান্তে পণ্যবাহী শতাধিক গাড়ি ও যাত্রীবাহী প্রায় ১০০ বাস আটকা পড়ে। একইভাবে পাটুরিয়া প্রান্তেও পণ্যবাহী প্রায় ২০০ গাড়ি এবং অর্ধশত যাত্রীবাহী গাড়ি আটকা পড়ে। কুয়াশা কমতে থাকলে সকাল সোয়া ১০টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে ফেরি ছাড়া শুরু হয়। শীত ও কুয়াশার কারণে আটকে পড়া গাড়ির সহস্রাধিক যাত্রী ভোগান্তির শিকার হন।
গতকাল দুপুরে ঘাটে দেখা যায়, দৌলতদিয়ার টার্মিনালে আছে কয়েক শ গাড়ি। মহাসড়কের ফেরিঘাট থেকে ক্যানালঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ রাস্তায় কয়েক শ গাড়ি পারাপারের অপেক্ষায় আছে। যশোর থেকে কুমিল্লাগামী একটি বাসের যাত্রী রেজাউল করিম বলেন, ‘জরুরি কাজে সোমবার রাতে রওনা করে মধ্যরাতে ঘাটে আটকা পড়ি। কিছুক্ষণ পর জানতে পারি কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। সাত ঘণ্টার বেশি সময় ঘাটে বসে আছি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম বলেন, অধিকাংশ নৈশকোচ ভোররাতের আগেই নদী পাড়ি দিতে সক্ষম হয়। তবে মৌসুমের এই প্রথম ভোররাতে ঘন কুয়াশা পড়ায় মাঝনদীতে যানবাহনবোঝাই তিনটি ফেরি আটকা পড়ে। নৌযান চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে কয়েক শ গাড়ি আটকা পড়ে। সকাল ১০টার পর থেকে ফেরি চলাচল স্বাভাবিক হলে যানবাহনের চাপ কমতে থাকে।