ঘন কুয়াশায় জীবনযাত্রা ব্যাহত
ঘন কুয়াশা ও উত্তরের কনকনে হিমেল হাওয়ায় চুয়াডাঙ্গায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শীতের তীব্রতা মানুষের দুর্ভোগের মাত্রা বাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে বাড়ছে শীতজনিত রোগবালাই। আবহাওয়া অধিদপ্তরের চুয়াডাঙ্গা পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, গতকাল রোববার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম বলেন, ঘন কুয়াশা বৃষ্টি হয়ে পড়ছে। যাকে কুয়াশা বৃষ্টি বলা হয়। এ ধরনের আবহাওয়ার কারণে তাপমাত্রা খুব বেশি না কমলেও বাতাসের গতি বেশি হওয়ায় শীত বেশি অনুভূত হয়ে থাকে।
আন্তজেলা বাস টার্মিনালসহ শহরের চারটি বাসস্ট্যান্ডে কর্মরত কাউন্টার মাস্টাররা বলেন, শীতের কারণে লোকাল বাসে যাত্রী কমে গেছে। এ কারণে সকালের দিকের বেশ কয়েকটি ট্রিপ বন্ধ রাখা হয়েছে। বাসচালক আবু তালেব বলেন, ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় সকাল ও রাতের বেলায় গন্তব্যে পৌঁছাতে প্রায় দ্বিগুণ সময় লাগছে।
সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে শয্যা রয়েছে ১৩টি। তবে গতকাল সেখানে রোগী ভর্তি ছিল ৫৯টি শিশু। শিশু বিভাগের পরামর্শক (কনসালট্যান্ট) আসাদুর রহমান মালিক বলেন, শীতজনিত রোগে আক্রান্ত হয়ে গত কয়েক দিন শয্যার চেয়েও চার-পাঁচ গুণ শিশু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এ ছাড়া বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে আরও দুই শতাধিক শিশু। তিনি বলেন, অসুস্থ শিশুদের বেশির ভাগই শীতজনিত রোটা ভাইরাস ও নিউমোনিয়ায় আক্রান্ত। এ ছাড়া হাসপাতালের পুরুষ ও মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদেরও বেশির ভাগ শীতজনিত রোগে আক্রান্ত।
শহরের বড় বাজারের নৈশপ্রহরী মো. বড় বুড়ো বলেন, ‘রাইত বাড়ার সঙ্গে সঙ্গে শীতও বাড়চে। সুইটার-জাম্পারেও কাজ হচ্চে না। কুড়াইনো কাগোচ আর ছিড়া ত্যানায় (পুরোনো কাপড়ের টুকরা) আগুন ধরিয়ে সারা রাত পার করচি। অ্যারাম শীত পড়লি ডিউটি করায় মুশকিল হয়ে পড়বেনে।’
সদর উপজেলার হাটকালুগঞ্জের বাসিন্দা আবুল কাশেম মণ্ডল বলেন, ‘শীতি অ্যাকেবারে হাঁড় কামড়ি ধরচে। গরম কাপুড়ির অবাবে সারারাত ঘুমই আসচে না।’
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গায় শীতার্ত মানুষের মধ্যে এ পর্যন্ত দুই দফায় প্রায় ৯ হাজার ৬৩টি কম্বল বিতরণ করা হয়েছে।