ঘন কুয়াশার কারণে গতকাল সোমবার ভোর আর সকালের মধ্যে পার্থক্য করা যায়নি। আর দুপুর গড়াতেই যেন সন্ধ্যা। শুধু দুই-তিন ঘণ্টার জন্য সূর্যের মৃদু আলো। রাতে নদীতে ফেরি ও লঞ্চ আটকে থেকেছে। আর মহাসড়কে দেখা দিয়েছে যানজট। যাত্রীরা শিকার হয়েছেন চরম দুর্ভোগের।আবহাওয়া বিভাগ বলছে, শীতের স্বাভাবিক নিয়মে গতকাল দিন-রাত সারা দেশ ছিল কুয়াশার চাদরে ঢাকা। আজ ও আগামীকাল একই অবস্থা থাকবে। দিন ও রাতে তাপমাত্রার পার্থক্য কমে আসায় বাড়বে শীতের অনুভূতি।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকালের পর থেকে শীত আরও জেঁকে বসতে পারে। তবে আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। চলতি মাসের শেষের দিকে তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। এর আগের সময়টাতে দুই-তিন দিন বিরতি দিয়ে ফের ঘন কুয়াশায় ঢাকা পড়তে পারে সারা দেশ। বরাবরের মতো এবারও দেশের উত্তর-পূর্বাঞ্চলে শীত বেশি পড়বে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান এ ব্যপারে প্রথম আলোক বলেন, গত কয়েক দিনে দিন-রাতের তাপমাত্রার পার্থক্য কমে এসেছে। বাতাসের গতিবেগ কমে যাওয়ায় ও জলীয় বাষ্প কুয়াশায় পরিণত হয়ে স্থির অবস্থায় থাকছে। ঘন কুয়াশা আজ ও আগামীকাল একই রকম থাকবে। আগামীকাল দেশের কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হতে পারে। এতে তাপমাত্রা কমে শীত আরও বাড়তে পারে। এদিকে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাসে আজ দেশের নদী ও মহাসড়কে যানবাহনগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ফেরি ও যান চলাচল ব্যাহত: গতকাল সকাল সোয়া আটটার দিকে প্রায় ২০০ যাত্রী নিয়ে দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায় লঞ্চ অন্যন্যা। অ্যাপ্রোচ চ্যানেল পার হওয়ার পর লঞ্চটির মাস্টার দিক হারিয়ে ফেলেন। প্রায় দুই ঘণ্টা পর লঞ্চযাত্রী আশরাফুল ইসলাম প্রথম আলো ফরিদপুর অফিস থেকে মুঠোফোনের নম্বর নিয়ে আমাদের গোয়ালন্দ প্রতিনিধির কাছে উদ্ধারের জন্য সাহায্য কামনা করেন। পরে দৌলতদিয়া ঘাট থেকে একটি ট্রলার গিয়ে তাদের খুঁজতে থাকে। এরপর বেলা পৌনে ১১টায় লঞ্চটি পাটুরিয়ায় পৌঁছায়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, কুয়াশার কারণে রোববার রাত সাড়ে ১০টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তবে রাত ১০টার দিকে কেরামত আলী নামক ফেরিটি ১৮টি যানবাহন নিয়ে দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। ফেরিটি মাঝনদীতে গিয়ে কুয়াশার কারণে আটকে থাকে। এ ছাড়া পাটুরিয়া ঘাটে শাহ পরান, শাহ আলী, আমানত শাহ, এনায়েতপুরী, কুমারী, ভাষা শহীদ বরকত, শাহ জালাল ও কাবেরী নামের আটটি ফেরি এবং দৌলতদিয়া ঘাটে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও কপোতী নামের দুটি ফেরি যানবাহন নিয়ে নোঙর করে থাকে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কমে গেলে প্রায় ১২ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়। সূত্র জানায়, ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ঘাটে প্রায় চার কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অন্তত ছয় শতাধিক বাস, ট্রাক ও ছোট গাড়ি আটকে থাকে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বাসচালক আলমগীর হোসেন বলেন, রাত ১০টায় ঘাটে সিরিয়ালে থাকা অবস্থায় ফেরি বন্ধের খবর পান। ৩৭ জন যাত্রী নিয়ে সারা রাত বাসে বসে কাটান। বিআইডব্লিউটিসি পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আশরাফ উল্লাহ খান জানান, রোববার রাত সাড়ে ১০টার পর থেকে ১২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহামঞ্চদ চৌধুরী বলেন, ঠিকমতো ফেরি চললে সন্ধ্যার আগেই সব গাড়ি পার করা সম্ভব হবে। দিনাজপুর: কুয়াশার কারণে গতকাল সারা দিন দিনাজপুরে সূর্যের মুখ দেখা যায়নি। শীতবস্ত্রের জন্য শীতার্ত মানুষকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন পুরাতন কাপড়ের দোকানে ভিড় করতে দেখা গেছে। সকাল থেকে মোটরসাইকেল, বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করে। সদর উপজেলার বলদিয়াপুর গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক হাফিজুর রহমান বলেন, রাতভর ছিল ঘন কুয়াশা। ভোরে তীব্র শীতে ধান কাটা-মাড়াই ও সবজিখেতে কাজ করতে নিদারুণ কষ্টের শিকার হয়েছেন কৃষকেরা। শহরের রিকশাচালক আরিফুল (৪৫) প্রথম আলোকে বলেন, ‘জাড়ের তনে মানুষ বাড়ি থাকি বাহির হচে না। হামার কামাই কমি গেইছে।’[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন মানিকগঞ্জ ও গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি এবং দিনাজপুর অফিস]