ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে গতকাল সোমবার তিন ঘণ্টার মতো সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝনদীতে দুটি ফেরি আটকা পড়ে। উভয় ঘাটে কয়েক শ গাড়িসহ আটকা পড়ে যাত্রীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, গত রোববার গভীর রাত থেকে নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। এতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ, ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল ব্যাহত হয়। কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে সকাল ছয়টা থেকে সব ধরনের নৌচলাচল বন্ধ হয়ে যায়। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে আসা কুমারী ও কাবেরী নামের দুটি কে টাইপ (মাঝারি) ফেরি মাঝনদীতে আটকা পড়ে। ফেরিতে অন্তত ১০টি যাত্রীবাহী বাস, আটটি ট্রাক ও ছয়টি ব্যক্তিগত গাড়ি ছিল। যাত্রী ছিলেন প্রায় পাঁচ শ। এ সময় দৌলতদিয়া প্রান্তে নোঙর করে ছিল ছয়টি এবং পাটুরিয়া ঘাটে নোঙর করে ছিল আরও আটটি ফেরি। এ কারণে দৌলতদিয়া প্রান্তে শতাধিক এবং পাটুরিয়া প্রান্তে দুই শতাধিক যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য গাড়ি আটকে থাকে। ফলে যাত্রীরা দুর্ভোগে পড়ে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ঘন কুয়াশা পড়ায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। তাই ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে সকাল নয়টার আগেই ফেরি চালু হয়। দুপুরের পর থেকে ঘাটে গাড়ির লম্বা সারি ছিল না।