ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে গতকাল বুধবার ভোর ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত নৌযান চলাচল বন্ধ ছিল। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া ছয়টি ফেরি মাঝ-পদ্মায় আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন প্রায় দেড় হাজার যাত্রী।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, গত মঙ্গলবার মধ্যরাত থেকে নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। কুয়াশার কারণে ফেরি ও লঞ্চচলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও কর্তৃপক্ষ যাত্রী ও যানবাহন পারাপার অব্যাহত রাখে। ভোর ছয়টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে কর্তৃপক্ষ ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ করে দেয়। এর আগে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া রোরো (বড়) ফেরি খানজাহান আলী, শাহজালাল, আমানত শাহ, কে-টাইপ (মাঝারি) কপোতী ও ইউটিলিটি (ছোট) ফেরি শাপলা-শালুক ও রজনীগন্ধা মাঝনদীতে নোঙর করতে বাধ্য হয়। ফেরিগুলোতে অন্তত ৪০টি যাত্রীবাহী বাস, ২০টি পণ্যবাহী গাড়ি ও ১০টির মতো ব্যক্তিগত গাড়ি ছিল। এ সময় প্রায় ১ হাজার ৩০০ যাত্রী আটকা পড়েন। মাঝনদীতে ফেরি নোঙর করার সংবাদ পেয়ে দুই ঘাট থেকে আর ফেরি ছাড়েনি। এ সময় দৌলতদিয়া ঘাট প্রান্তে ছয়টি ফেরি নোঙর করে থাকতে বাধ্য হয়। সকাল নয়টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরিগুলো ছাড়তে শুরু করে। তিন ঘণ্টার মতো যানচলাচল বন্ধ থাকায় নদী পাড়ি দিতে না পেরে উভয় ঘাটে আটকা পড়ে তিন শতাধিক যাত্রীবাহী বাস, পণ্যবাহী ও বিভিন্ন ব্যক্তিগত গাড়ি।
গতকাল সকালে গিয়ে দেখা যায়, ফেরিঘাট থেকে দৌলতদিয়া পেট্রলপাম্প পর্যন্ত এক কিলোমিটার লম্বা দুটি সারিতে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন গাড়ি অপেক্ষা করছে। পেট্রলপাম্পের পর আরও প্রায় এক কিলোমিটার ক্যানালঘাট পর্যন্ত এক সারিতে পণ্যবাহী গাড়ি আটকে রয়েছে।
মাগুরা থেকে ছেড়ে আসা ইগল পরিবহনের যাত্রী হেলাল উদ্দিন বলেন, ‘ঢাকায় জরুরি কাজের জন্য খুব ভোরে রওনা হয়ে ঘাটে লম্বা সিরিয়ালে আটকা পড়ি। সব ধরনের নৌযান বন্ধ থাকায় বাস ছেড়ে বিকল্প উপায়েও নদী পাড়ি দিতে পারছি না।’
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, কুয়াশা কারণে সামনের কিছুই দেখতে না পেয়ে দুর্ঘটনার শঙ্কায় মাঝনদীতে যানবাহনে বোঝাই ছয়টি ফেরি নোঙর করে থাকতে বাধ্য হয়। ফেরির সংখ্যা পর্যাপ্ত থাকায় আটকে থাকা গাড়ি দ্রুত নদী পাড়ি দিতে পারবে।