ঘন কুয়াশায় তিন ঘণ্টা ফেরি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে গতকাল বুধবার ভোর সাড়ে ছয়টা থেকে সকাল সোয়া নয়টা পর্যন্ত ফেরি চলাচল ব্যাহত হয়েছে। এ সময় উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া গাড়ি ও যাত্রীবোঝাই পাঁচটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, গত মঙ্গলবার মধ্যরাত থেকে পদ্মা নদীর অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে। এর মধ্যেও ফেরি চলাচল অব্যাহত রাখে কর্তৃপক্ষ। ভোর সাড়ে ছয়টার দিকে কুয়াশা আরও বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কায় কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া রো রো ফেরি কেরামত আলী, আমানত শাহ, খানজাহান আলী এবং ইউটিলিটি ফেরি রজনীগন্ধা ও বনলতা মাঝনদীতে আটকা পড়ে। ফেরিগুলোতে ৩০টির মতো যাত্রীবোঝাই বাস এবং ২০টির মতো পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ি আটকা পড়ে। এ সময় ফেরিতে সহস্রাধিক যাত্রী ছিলেন। তাঁরা প্রচণ্ড কুয়াশা ও শীতে দুর্ভোগের শিকার হন। মাঝনদীতে ফেরি আটকে যাওয়ার সংবাদ পেয়ে উভয় ঘাট থেকে আর কোনো ফেরি ছাড়েনি। এ সময় দৌলতদিয়া প্রান্তে পাঁচটি ও পাটুরিয়া প্রান্তে ছয়টি ছোট-বড় ফেরি যানবাহন বোঝাই হয়ে নোঙর করে থাকতে বাধ্য হয়। লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে শতাধিক পণ্যবাহী গাড়ি এবং প্রায় অর্ধশত যাত্রীবাহী বাস আটকা পড়ে। একইভাবে পাটুরিয়া প্রান্তে দুই শ পণ্যবাহী গাড়ি এবং অর্ধশত যাত্রীবাহী বাস পারাপারের অপেক্ষায় আটকে থাকে। শীত ও কুয়াশার কারণে আটকে পড়া এসব গাড়ির যাত্রীরা দুর্ভোগে পড়েন। সকাল সোয়া নয়টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি ছাড়তে শুরু করে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, গতকাল সকালে ঘন কুয়াশা পড়তে থাকে। এতে বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দেখতে অসুবিধা হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
গতকাল বেলা ১১টার দিকে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাট থেকে টার্মিনাল পর্যন্ত প্রায় এক কিলোমিটার পর্যন্ত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক ফেরির অপেক্ষায় রয়েছে। টার্মিনালের পর থেকে আরও প্রায় এক কিলোমিটার পর্যন্ত পণ্যবাহী গাড়ির সারি।
ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ড্রামবোঝাই ট্রাকচালক জসিম উদ্দিন বলেন, তিনি মঙ্গলবার সন্ধ্যায় ঘাটে আসেন। ড্রামগুলো নিয়ে বুধবার সকালে তাঁর গাজীপুর পৌঁছানোর কথা ছিল।