ঘন কুয়াশায় তিন ঘণ্টা ফেরি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গতকাল বুধবার সকালে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় যানবাহন ও যাত্রী নিয়ে মাঝনদীতে ছয়টি ফেরি আটকা পড়ে। শীতের মধ্যে চরম দুর্ভোগ পোহান যাত্রীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের পদ্মা নদীর অববাহিকায় কুয়াশা দেখা দেয়। ভোরে কুয়াশা তীব্রতর হয়। সকাল ছয়টার দিকে দুর্ঘটনা এড়াতে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ করা হয়। রো রো (বড় ফেরি) খান জাহান আলী, শাহ জালাল ও আমানত শাহ; কে-টাইপ (মাঝারি ফেরি) কপোতী এবং ইউটিলিটি (ছোট ফেরি) শাপলা-শালুক ও রজনীগন্ধা মাঝ নদীতে আটকে থাকে। এসব ফেরিতে ৪০টির মতো যাত্রীবাহী কোচ, ২০টি পণ্যবাহী ট্রাক এবং ১০টি প্রাইভেট কার ও মাইক্রোবাস ছিল। এ সময় মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্তে ছয়টি ও রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে পাঁচটি ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে নোঙর করে ছিল।
মাঝনদীতে আটকা পড়া ফেরিগুলোতে যাত্রীরা কনকনে শীতে দুর্ভোগে পড়েন। ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া প্রান্তে শতাধিক যাত্রীবাহী কোচ, দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক ও ২০টির মতো ছোট যানবাহন আটকা পড়ে। প্রায় একই সংখ্যক যানবাহন দৌলতদিয়া প্রান্তেও নদী পারের অপেক্ষায় ছিল। সকাল নয়টার দিকে কুয়াশা কমে গেলে আবার ফেরি চলাচল শুরু হয়। মাঝনদীতে আটকা পড়া ফেরি ছয়টি নিজ নিজ গন্তব্যে রওনা হয়।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন বলেন, কুয়াশার মধ্যে নৌপথ দেখতে না পারায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল আবার শুরু হয়েছে। যাত্রী দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে যাত্রীবাহী কোচগুলোকে আগে পারাপার করা হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়া ঘাটের অবস্থা স্বাভাবিক হয়ে এসেছে।