ঘন কুয়াশায় নৌপথে চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওরাকান্দি ও শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। সাড়ে নয় ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌচলাচল শুরু হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার পর থেকে আজ শনিবার সকাল ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শরীয়তপুর-চাঁদপুর ও শিমুলিয়া-কাওরাকান্দি রুটে নৌচলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) শরীয়তপুর-চাঁদপুর নৌপথের ব্যবস্থাপক এস এম ইমরান আহমেদ জানান, গতকাল দিবাগত রাত ১২টা থেকে শরীয়তপুর-চাঁদপুর ও শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ শনিবার ভোর থেকে মঙ্গলমাঝিরহাট ও শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ। দুই পারে শত শত গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, গতকাল দিবাগত রাত দেড়টা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে নৌকা, ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। দুই ঘাটে প্রায় এক হাজারেরও বেশি গাড়ি আটকা ছিল। কুয়াশা কমে আসায় সকাল সাড়ে নয়টার দিকে নৌচলাচল আবার শুরু হয়েছে।