ঘন কুয়াশায় তিন স্থানে ১৫ যানের সংঘর্ষে নিহত চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ ও নাটোরে গতকাল বুধবার সকালে ঘন কুয়াশার কারণে তিনটি স্থানে ১৫টি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে দুই চালকসহ চারজন নিহত ও কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নাটোর: বনপাড়া হাইওয়ে থানার পুলিশ জানায়, সকাল পৌনে আটটায় ঢাকা থেকে সিমেন্ট ও পাথরবোঝাই চারটি ট্রাক বনপাড়ার দিকে আসছিল। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রামের আগ্রাণ আট নম্বর সেতুর কাছে পৌঁছামাত্র পেছন থেকে ট্রাকগুলো একে অপরকে ধাক্কা দেয়। এতে সিমেন্টবোঝাই একটি ট্রাক সেতুর নিচে পড়ে যায়। সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে ট্রাকের চালক চাঁপাইনবাবগঞ্জ শহরের রেজাউল ইসলাম ওরফে সেলিম (৩৫), চালকের সহকারী একই জেলার মহিবুল হোসেন (৩২) ও সিমেন্টের মালিকের প্রতিনিধি কিশোরগঞ্জের মেহের আলীর (২৫) নিহত হন। বাকি তিনটি ট্রাক সড়কের পাশে কাত হয়ে পড়ে।
হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নিকুঞ্জ কুমার বলেন, ঘন কুয়াশার কারণে চালকেরা একে অপরকে দেখতে না পেলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বাকি তিনটি ট্রাকের চালক ও সহকারীরা পালিয়ে যান।
সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম জানান, সকাল সাতটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সদর উপজেলার সয়দাবাদ এলাকায় প্রথমে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর একটি বাস, একটি নতুন ট্রাকের চেসিস ও একটি প্রাইভেটকার ওই স্থানে দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ পর পেছন থেকে ঢাকাগামী পাবনা এক্সপ্রেসের একটি বাস জোরে ধাক্কা দিলে যানবাহনগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খায়। এতে প্রতিটি যানবাহনই ক্ষতিগ্রস্ত হয় এবং চারজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে চেসিসের চালক যশোরের বেনাপোলের ভবেরবাগ এলাকার জাহাঙ্গীর আলমকে (২২) সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রফিক জানান, সকাল আটটার দিকে তাড়াশ উপজেলার মান্নাননগরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে প্রথমে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপরই পেছন থেকে পর পর তিনটি ট্রাকে এসে জোরে ধাক্কা দেয়। এতে কমপক্ষে ১০ জন আহত হন। তাঁদের নাটোরের বনপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ আরও জানান, বিকেল পাঁচটার দিকে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজারে নলকা আঞ্চলিক সড়কে ট্রাকের চাপায় সজীব (১৩) নামের এক সাইকেল আরোহী নিহত হয়।
মোটরসাইকেল আরোহীর মৃত্যু
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, সকাল আটটার দিকে জয়পুরহাটের দুর্গাদহ গ্রামের আলহাজ আলীর ছেলে কুতুব আলী নওগাঁর ধামইরহাটের হরীতকীডাঙ্গা বাজারে একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন।