ঘন কুয়াশায় দুই নৌপথে ফেরি চলাচল ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে যানবাহন পারাপারের গুরুত্বপূর্ণ দুটি স্থান দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত ফেরি চলাচল একাধিকবার ব্যাহত হয়েছে। এতে এই দুই নৌপথে ফেরিতে চলাচলকারী যানবাহনের জট তৈরি হয়েছে। সকালে রোদ ওঠার পর ফেরি চলাচল স্বাভাবিক হতে থাকে। যানজটও কমতে শুরু করেছে।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে প্রথম দফায় রাত পৌনে একটা থেকে পৌনে চারটা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ভোর ছয়টা থেকে পৌনে আটটা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে প্রথম দফায় ছয়টি ও দ্বিতীয় দফায় দুইটি ফেরি মাঝনদীতে আটকে পড়ে। এতে গাড়ি পারাপার ব্যাহত হয়। নদীর দুই তীরে কয়েক শ গাড়ি আটকে আছে। ঘন কুয়াশা কাটায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে গতকাল রাত ১১টা থেকে আজ সকাল আটটা পর্যন্ত ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই ঘাটেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়। আটটার পর থেকে কুয়াশা কেটে যাওয়ায় ফেরি চলাচল শুরু হলেও যান চলাচল এখনো স্বাভাবিক হয়নি। বিআইডব্লিউটিসির শিমুলিয়া কার্যালয়ের ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।