ঘন কুয়াশায় দৌলতদিয়ায় সাত ঘণ্টা ফেরি বন্ধ
কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ার মধ্যে তিন দফায় প্রায় সাত ঘণ্টা ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ ছিল। এতে দৌলতদিয়া ঘাটে গতকাল সোমবার যানবাহনের পাঁচ কিলোমিটার লম্বা সারি পড়ে যায়। গাড়িগুলোকে ফেরির জন্য ১২ ঘণ্টা ঘাটে অপেক্ষা করতে হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, কুয়াশার ঘনত্ব অতিমাত্রায় বেড়ে গেলে রোববার দিবাগত মধ্যরাতের পর থেকে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়। এ সময় কেরামত আলী, আমানত শাহ, এনায়েতপুরী, খানজাহান আলীসহ সাতটি ফেরি মাঝ নদীতে নোঙর করে থাকতে বাধ্য হয়। এসব ফেরিতে ৪০টির মতো দূরপাল্লার বাস, ১৮টি পণ্যবাহী ট্রাক ও ১৪টি ব্যক্তিগত গাড়ি ছিল। রাত পৌনে তিনটার দিকে কুয়াশা কম হলে ফেরি চলাচল শুরু হয়। কিন্তু গতকাল ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত চার ঘণ্টা আবার বন্ধ থাকে। তৃতীয় দফায় ১০টা থেকে আধঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।
গতকাল বেলা ১১টায় দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাট থেকে তিন কিলোমিটার পর্যন্ত দুই সারিতে দাঁড়িয়ে আছে যানবাহন। কোথাও সারি হয়ে যায় তিনটি। যাত্রীবাহী বাস, পশুবাহী ট্রাকসহ অন্যান্য গাড়ি নদী পারের অপেক্ষায় ছিল। তিন কিলোমিটারের পর আরও প্রায় দুই কিলোমিটার এক সারিতে দাঁড়িয়ে ছিল যানবাহন।
পিরোজপুরের মঠবাড়িয়া থেকে যাত্রী নিয়ে রোববার রাত ১২টার দিকে ঘাটে এসে আটকা পড়ে সাকুরা পরিবহন। এর চালক বাদশা মিয়া বলেন, ‘প্রায় ১২ ঘণ্টা পার হলেও এখনো ফেরি পাইনি। অনেক যাত্রী অসুস্থ ও বিরক্ত হয়ে সকালে চলে বিকল্প উপায়ে নদী পাড়ি দিয়েছেন।’
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে মোট ১৯টি ফেরি ছিল। তার মধ্যে রো রো ফেরি ভাষাশহীদ বরকত দেড় মাস ধরে, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান দুই মাস ধরে ও শাহ মখদুম এক মাস আগে মেরামতের জন্য নারায়ণগঞ্জে পাঠানো হয়। সেগুলো ফিরে এলে দ্রুত গাড়ি পারাপার করা সম্ভব হতো।