ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় আড়াই ঘণ্টা ফেরি বন্ধ
ঘন কুয়াশার কারণে আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে আড়াই ঘণ্টার বেশি সময় ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝনদীতে আটকা পড়ে যানবাহনবোঝাই চারটি ফেরি। উভয় ঘাটে নোঙর করে থাকতে বাধ্য হয় আরও ১২টি ফেরি। বেলা আড়াইটা পর্যন্ত দুপাশে যানবাহনের দীর্ঘ সারি চোখে পড়েছে।
এদিকে পানি কমে যাওয়ায় দৌলতদিয়ার চার নম্বর ঘাটটি পাঁচ দিন ধরে বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও পরিবহনচালকদের।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া কার্যালয় জানায়, ঘন কুয়াশার কারণে আজ বৃহস্পতিবার ভোররাত থেকে নদী অববাহিকায় নৌযান চলাচল ব্যাহত হয়। কুয়াশার মাত্রা আরও বাড়তে থাকলে ভোর ছয়টার দিকে সামান্য দূরের কিছুই দেখতে না পেয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার আশঙ্কায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া রোরো ভাষাসৈনিক গোলাম মওলা, খানজাহান আলী, ইউটিলিটি বনলতা ও কপোতী নামক চারটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। ফেরিতে ২০টির মতো যাত্রীবাহী বাস, ১৫টির মতো পণ্যবাহী গাড়ি ও ১০টির মতো ব্যক্তিগত গাড়ি ছিল। যাত্রী ছিল হাজার খানেক। কুয়াশা ও শীতের মধ্যে আটকে পড়া এসব যাত্রী ও উভয় ঘাটে নদীর পাড়ের অপেক্ষায় থাকা কয়েক শ মানুষ দুর্ভোগের শিকার হয়। এ ছাড়া কুয়াশার কারণে সামনে কিছুই দেখতে না পেয়ে দৌলতদিয়া এবং পাটুরিয়া ঘাটে আরও ছয়টি করে মোট ১২টি ফেরি নোঙর করে থাকতে বাধ্য হয়। সকাল সাড়ে আটটার পর কুয়াশা কেটে গেলে ফেরিসহ সব নৌযান চলাচল স্বাভাবিক হয়। নদী পাড়ি দিতে না পেরে উভয় ঘাটে আটকা পড়ে চার শতাধিক বিভিন্ন গাড়ি।
এদিকে নদীর পানি কমে যাওয়ায় ঘাট খাড়া হয়ে পড়লে ফেরি ভিড়তে না পারায় গত রোববার থেকে দৌলতদিয়ার ৪ নম্বর ঘাট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিএর ঘাট বর্ধিতকরণ সংস্কারকাজ শুরু করলেও গত পাঁচ দিনে চালু না হওয়ায় দৌলতদিয়ার চারটির মধ্যে মাত্র তিনটি ঘাট দিয়ে যানবাহন পারাপারে সমস্যা দেখা দিয়েছে। ঘাটটি চালু হতে আরও কয়েক দিন লাগতে পারে বলে কর্তৃপক্ষ জানায়।
বিআইডব্লিউটিএর দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, আজ ঘন কুয়াশার কারণে সকালে প্রায় আড়াই ঘণ্টার মতো ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝনদীতে চারটি ফেরি আটকা পড়ে। ফেরি পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে আটকা পড়ে কয়েক শ গাড়ি। এ ছাড়া রোববার থেকে চার নম্বর ঘাটটি বন্ধ রয়েছে। এখনো চালু না হওয়ায় মাত্র তিনটি ঘাট দিয়ে যানবাহন পার করা হচ্ছে।
বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী শাহ আলম জানান, চার নম্বর ঘাটের র্যামের সামনে পানি কমে যাওয়ায় সেখানে ফেরি ভিড়তে পারছিল না। তাই সেখানে বাঁশের পাইলিং দিয়ে সামনে ইটের আদলা ফেলে বর্ধিত সংস্কারকাজ করা হচ্ছে। আগামী রোববারের মধ্যে ঘাটটি চালু করা সম্ভব বলে আশাবাদী।